ভয়াবহ বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে গাড়ি, মৃত ২
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজে হাত লাগান।
Truth Of Bengal: ফের রক্তক্ষয়ী দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা-সিকিম লাইফ লাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক বোঝাই গাড়ি ২৯ মাইল এলাকায় তিস্তা নদীর গভীর খাদে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকা গাড়িতে করে চারজন যাত্রী ডুয়ার্স থেকে সিকিমের দিকে যাচ্ছিলেন। কালিম্পং জেলার ২৯ মাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে সরাসরি তিস্তার খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজে হাত লাগান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এলাকাটি অত্যন্ত দুর্গম ও খাড়া হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর পুলিশ দুজনকে মৃত অবস্থায় এবং বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাহাড়ি বাঁক বা যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ বা চালকের অসতর্কতা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘন ঘন ১০ নম্বর জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয় চালকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।






