শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর চরম অস্বস্তিতে কেন্দ্র! অমিত শাহের ইস্তফা ও ক্ষমার দাবিতে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদ
আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে মঙ্গলবারও উত্তাল হয়ে ওঠে সংসদ
Truth of Bengal: ছাত্রবিক্ষোভের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বা সিজেপির অবস্থানও উঠে গিয়েছে। তবে এই আন্দোলন কেন্দ্রীয় সরকারকে যে রাজনৈতিক অস্বস্তিতে ফেলেছে, তা কাজে লাগাতে মরিয়া বিরোধী দলগুলি। আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে মঙ্গলবারও উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধী সাংসদদের লাগাতার বিক্ষোভ ও হইহট্টগোলের জেরে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। সোমবারের পর মঙ্গলবারও সংসদের ভিতরে এবং বাইরে ছাত্র আন্দোলনে পুলিশি ‘দমনপীড়ন’-এর অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন বিরোধীরা।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম ঠেকাতে সোমবার সংসদে সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় সেই বিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদদের বিক্ষোভে সংসদের কাজ বারবার ব্যাহত হয়। অন্যদিকে, বিরোধীদের পাল্টা চাপে ফেলতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সাংসদেরা। আপ-শাসিত পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তাঁরা। একই সঙ্গে এই ঘটনায় আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের জবাবও চাওয়া হয়।
এনডিএ সাংসদদের ওই বিক্ষোভে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং রাহুল সিনহাকেও দেখা যায়। ফলে ছাত্র আন্দোলন এবং প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। বিরোধী দলগুলির মূল অভিযোগ, দিল্লিতে পড়ুয়াদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। বিশেষ করে ছররা গুলি বা পেলেট গানের মতো অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছে তারা। গত ২০ জুলাই সিজেপির সংসদ অভিযান কর্মসূচির সময় দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফের অধীন র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ। আন্দোলনকারীদের দাবি, সেই বাহিনীর সদস্যরাই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছররা গুলি চালিয়েছিলেন।





