কলকাতা

নিট ফাঁসের প্রতিবাদ মিছিলে উত্তাল তিলোত্তমা, রাজপথে এবিভিপি

এদিন শিয়ালদহ ও হাওড়া-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবিভিপি কর্মী-সমর্থকেরা ধর্মতলায় জড়ো হন

Truth of Bengal: নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হওয়া আন্দোলনের আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং পরিকল্পিত অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে কলকাতার রাজপথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। মঙ্গলবার ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেন সংগঠনের ছাত্রনেতা, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা।

এদিন শিয়ালদহ ও হাওড়া-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবিভিপি কর্মী-সমর্থকেরা ধর্মতলায় জড়ো হন। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, ছাত্রস্বার্থের নামে দেশের বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এর পিছনে তথাকথিত ‘টুকরে টুকরে গ্যাং’-এর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।মিছিলে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, অতীতেও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে এবং এবিভিপি কোনওভাবেই সেই ধরনের অনিয়মকে সমর্থন করে না। তবে প্রশ্নফাঁসের প্রতিবাদের নামে দেশকে অশান্ত করার চেষ্টা হলে তারও প্রতিবাদ প্রয়োজন। রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর দিল্লিতে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগও ওঠে।দিল্লির আন্দোলনের রেশ পরে কলকাতাতেও পৌঁছয়। ধর্মতলায় বিভিন্ন বাম ছাত্রসংগঠনের ডাকে আয়োজিত মিছিল ঘিরে অশান্তির অভিযোগ ওঠে। সেই কর্মসূচিতে কয়েকজন সাংবাদিককে হেনস্থা এবং মারধর করা হয়েছিল বলেও অভিযোগ।

কলকাতার ওই ঘটনায় গুন্ডাদমন আইনে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। ঘটনার তদন্ত এখনও চলছে। ধর্মতলার অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদেই এবার পালটা পথে নামল এবিভিপি। সংগঠনের দাবি, শিক্ষাক্ষেত্রের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আন্দোলনের নামে হিংসা, ভাঙচুর বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ মেনে নেওয়া হবে না।

Related Articles