রাজ্যের খবর

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত ১১ শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি! প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১টি পরিবারকে সব মিলিয়ে মোট ২১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে

Truth of Bengal: সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে বাংলার ১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার। আগেই সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১টি পরিবারকে সব মিলিয়ে মোট ২১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি ন’টি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতটি পরিবারের সদস্যকে হোমগার্ড এবং দু’টি পরিবারের সদস্যকে সিভিক পুলিশের কাজে নিয়োগ করা হবে।

এদিন সাতটি পরিবারের সদস্যের হাতে মুখ্যমন্ত্রী নিজেই চাকরির নিয়োগপত্র ও আর্থিক সাহায্য তুলে দেন। মৃত শ্রমিকদের কারও বৃদ্ধ মা-বাবা, কারও ভাই-বোনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। পরিবারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রয়োজনের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে সিকিমের নামচিতে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে আচমকা ধস নামে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় বাংলার ১১ জন শ্রমিকের। তাঁদের মধ্যে ন’জনই জলপাইগুড়ির মালবাজার এলাকার বাসিন্দা। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপর্যয় মোকাবিলা বাহিনী একে একে শ্রমিকদের দেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য প্রশাসন। প্রয়োজন হলে উদ্ধারকাজে হেলিকপ্টার পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল। একই সঙ্গে মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার এবং তাঁদের সঙ্গে সরাসরি দেখা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার জলপাইগুড়ি সফরে গিয়ে সেই পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস পাওয়ার পর ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন বলে জানিয়েছেন মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা। এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্য, রাজ্য সরকার কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার একাধিক সুযোগ দিতে প্রস্তুত। নতুন করে জব কার্ড তৈরি করলে ১২৫ দিনের কাজের সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি বিনামূল্যে রেশন, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মতো সুবিধাও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের কোনও সমস্যায় পড়তে হবে না। তাঁদের কাজ, খাদ্য এবং চিকিৎসার প্রয়োজন মেটাতে সরকার পাশে থাকবে।

Related Articles