খেলা

জাদেজার প্রত্যাবর্তনে বাড়ল শক্তি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন মুখ সারাংশ জৈন

চলতি বছরের মে মাসে আইপিএল চলাকালীন টেনিস এলবোয়ের চোটে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

Truth of Bengal: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দলে সবচেয়ে বড় সুখবর, দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একই সঙ্গে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হল মধ্যপ্রদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সারাংশ জৈনের। প্রথমবার ভারতের টেস্ট দলে ডাক পেয়ে আবেগে ভাসছেন এই স্পিন অলরাউন্ডার।

চলতি বছরের মে মাসে আইপিএল চলাকালীন টেনিস এলবোয়ের চোটে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘ পুনর্বাসনের পর তিনি এখন পুরোপুরি সুস্থ। উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে তাঁর অভিজ্ঞতা ভারতের বড় ভরসা হতে চলেছে। তাই শ্রীলঙ্কা সফরে জাদেজার প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের জন্য বড় স্বস্তির খবর। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টের জন্য অনুপলব্ধ থাকায় তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন সারাংশ জৈন। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে ধারাবাহিক ভাল পারফরম্যান্সই খুলে দিয়েছে জাতীয় দলের দরজা।

৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে সারাংশ জৈনের সংগ্রহ ১৮১ উইকেট। ডানহাতি অফ স্পিনার হিসাবে তাঁর গড় ২৭.৩০ এবং ওভারপ্রতি ইকোনমি প্রায় ৩.০১। এক ইনিংসে তাঁর সেরা বোলিং ৬ উইকেটে ৭৫ রান। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও তিনি সমান কার্যকর। ৮৫ ইনিংসে ২,২২৩ রান করেছেন ৩১.৭৫ গড়ে। রয়েছে ১৪টি অর্ধশতরান ও ২টি শতরান। সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। ফলে ওয়াশিংটন সুন্দরের শূন্যস্থান পূরণে তাঁকে যথেষ্ট উপযুক্ত বলেই মনে করছে নির্বাচকরা।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৭ আগস্ট কলম্বোতে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর ১৫ থেকে ১৯ আগস্ট গলে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোতে।

ভারতীয় দল:

শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কল এবং সারাংশ জৈন।

সাই সুদর্শন ও যশপ্রীত বুমরাহর খেলা অবশ্য ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে।

 

Related Articles