বিনোদন

বন্ধ শুটিং, কাঁধে চোট দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর

যদিও বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার আবেদন জানানো হয়েছে।

Truth of Bengal: দক্ষিণী চলচ্চিত্র জগতে ফের উদ্বেগের খবর। রাম চরণের পর এ বার কাঁধে গুরুতর চোট পেলেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সোমবার সন্ধ্যায় তিনি আহত হন বলে জানিয়েছে তাঁর টিম। যদিও বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার আবেদন জানানো হয়েছে।

চোট পাওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে জুনিয়র এনটিআরকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।

অভিনেতার টিম এক বিবৃতিতে জানিয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সোমবার সন্ধ্যায় জুনিয়র এনটিআর কাঁধে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জে. মধুসূদন রাও এবং আর. এ. পুরমচন্দ্র তেজস্বী তাঁকে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অনুরাগীদের আশ্বস্ত করতে চাই, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সময়মতো তাঁর শারীরিক অবস্থার সব আপডেট জানানো হবে।”

বর্তমানে পরিচালক প্রশান্ত নীলের বহুচর্চিত ছবি‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই ছবির শুটিং চলাকালীনই তিনি আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে শুরু হয়েছিল ছবির শুটিং। এই ছবিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করের মতো একাধিক তারকা।

জুনিয়র এনটিআরের চোটের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার টিম জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার নিয়মিত আপডেট প্রকাশ করা হবে এবং আপাতত তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে বিশ্রামেই থাকবেন।