কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষ! সপ্তাহের শুরুতেই ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি চলছে। মঙ্গলবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।

তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগের মেঘ ধীরে ধীরে কাটবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর, কোচবিহার, কালিম্পং এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

Related Articles