বাসাপাড়ায় শহীদ দিবস পালন ঘিরে বিক্ষোভ, ডিমবৃষ্টির মুখে কাজল শেখ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজল শেখ বাসাপাড়ায় পৌঁছাতেই এলাকার একাংশের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সৌতিক চক্রবর্তী, বীরভূম: বীরভূমের নানুরের বাসাপাড়ায় সোমবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রতি বছরের মতো এ বছরও বাসাপাড়ায় ঘটা করে শহীদ দিবস পালনের আয়োজন করা হয়। তবে রাজ্যের পালাবদলের পর প্রথমবার এই কর্মসূচিতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজল শেখ বাসাপাড়ায় পৌঁছাতেই এলাকার একাংশের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীদের একাংশ “চোর চোর” স্লোগান দিতে থাকেন। শুধু তাই নয়, “বালি চোর”, “কয়লা চোর” ও “গরু চোর” বলেও তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি কার্যত বিশৃঙ্খল হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আরপিত আর প্রকাশ। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে কাজল শেখকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তা বলয়ে তাঁকে বোলপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ডিম নিক্ষেপ এবং বিক্ষোভের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাসাপাড়া এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।






