মুক্তির আগে ‘স্পাইডার-ম্যান’ ছবিতে সেন্সরের কাঁচি, বাদ গেল চুম্বন দৃশ্য
সিবিএফসি সূত্রে জানা গিয়েছে, ২৩ জুলাই ছবিটির সেন্সর শংসাপত্র জারি করা হয়।
Truth of Bengal: মুক্তির আগেই ভারতে সেন্সর বোর্ডের কাটছাঁটের মুখে পড়ল বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘Spider-Man: Brand New Day’। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে UA 13+ শংসাপত্র দিলেও, দুটি চুম্বন দৃশ্য-সহ কয়েকটি অংশে পরিবর্তনের নির্দেশ দিয়েছে। সেন্সরের নির্দেশ মেনে মোট ৮ সেকেন্ডের দুটি চুম্বন দৃশ্য বাদ দেওয়ার পরই ছবিটি মুক্তির ছাড়পত্র পেয়েছে।
সিবিএফসি সূত্রে জানা গিয়েছে, ২৩ জুলাই ছবিটির সেন্সর শংসাপত্র জারি করা হয়। কাটছাঁটের পর ছবির মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ২৪ মিনিট ৫২ সেকেন্ড। প্রকাশিত তথ্য অনুযায়ী, দুটি চুম্বন দৃশ্যের সময়সীমা কমানোর পাশাপাশি একটি সংলাপে ব্যবহৃত আপত্তিকর শব্দও বিপ (মিউট) করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই পরিবর্তনের পর ছবিটিকে UA 13+ রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ, ১৩ বছরের কম বয়সি দর্শকদের ক্ষেত্রে অভিভাবকের পরামর্শে ছবিটি দেখার সুপারিশ করেছে সেন্সর বোর্ড। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ছবির ক্ষেত্রেও এই ধরনের বয়সভিত্তিক শ্রেণিবিভাগ ব্যবহার করছে সিবিএফসি।
ভারতে ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘Spider-Man: Brand New Day’। বিশ্বজুড়ে ছবিটির মুক্তির দিন ৩১ জুলাই। ফলে বিশ্বের বহু দেশের দর্শকের আগেই ভারতীয় দর্শক বড়পর্দায় টম হল্যান্ড অভিনীত নতুন ‘স্পাইডার-ম্যান’ দেখার সুযোগ পাবেন।


