খেলা

দিল্লির আকাশে নীল ঝড়! নামিবিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড টিম ইন্ডিয়ার

সংখ্যার নিরিখে ভারত এক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

Truth of Bengal: লক্ষ্মীবারে দিল্লির আকাশে যেন উঠেছিল নীল ঝড়! অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়াকে ৯৩ রানে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ভারত। টানা ১০ ম্যাচ জয়, এই কীর্তি আগে কোনও দেশ গড়তে পারেনি। বিশ্বকাপের মঞ্চে এখন একটাই নাম, ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল টিম ইন্ডিয়া। লোয়ার মিডল অর্ডার ব্যর্থ হলেও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তোলে ২০৯ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই ভারতের রেকর্ড ৪৭তম ২০০-র বেশি স্কোর। সংখ্যার নিরিখে ভারত এক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

এই তালিকায় ভারতের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (২৯ বার), নিউজিল্যান্ড (২৮ বার), অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ (২৫ বার করে)। ২০০ পেরনো যেন এখন ভারতের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ভারতের এই জয়ের যাত্রা শুরু। সেই আসরে দল ছিল অপরাজিত। ৯ ম্যাচের মধ্যে ৮ জয়, একটি ম্যাচ পরিত্যক্ত। তখন নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। বর্তমান আসরে অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে যোগ হয়েছে আরও দুই জয়। ফলে টানা ১০ ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছে ভারত।

এই তালিকায় পরের স্থানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দু’দলই টানা ৮ ম্যাচ জিতেছিল। ইংল্যান্ডের রয়েছে টানা ৭ জয়ের নজির। কিন্তু সবার ওপরে এখন ভারতই। ৯৩ রানের জয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ২০১২ সালে কলম্বোতে ইংল্যান্ডকে ৯০ রানে হারানোই ছিল সেরা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানের জয়, ২০২২-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রান এবং ২০২৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ রানের জয়, সব রেকর্ড ছাপিয়ে গেল এই ম্যাচ। ২০৯/৯ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮ এবং ২০২১ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ২১০, এই দু’টি ইনিংসই কেবল এগিয়ে। বিশেষ করে ২০২৪ বিশ্বকাপের পর থেকে ভারত ১৪ বার ২০০-র বেশি রান করেছে। এই সময়ে অন্য কোনও দল সাতবারও পারেনি। ব্যাটিং শক্তিতে ভারত এখন আলাদা উচ্চতায়।

এদিকে, বৃহস্পতিবারের ভারত-নামিবিয়া ম্যাচে দুই দলের স্পিনাররা তুলে নিয়েছেন ১০টি উইকেট। ভারতে অনুষ্ঠিত পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে নাগপুরে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনে পড়েছিল ১২ উইকেট। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮টি ম্যাচেই স্পিনারদের দাপট স্পষ্ট। এখন পর্যন্ত মোট ওভারের ৫০.৪ শতাংশ বল করেছেন স্পিনাররা, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ২০১২ সালে শ্রীলঙ্কায় এই হার ছিল ৪৫.৮ শতাংশ।

Related Articles