কলকাতা

পুলিশকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর ‘দুর্গাপুজোর গিফট’! অক্টোবর থেকেই বাড়ছে রেশন ভাতা

পুলিশকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: রাজ্য পুলিশের কর্মীদের জন্য দুর্গাপুজোর আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী অক্টোবর মাস থেকে পুলিশকর্মীদের মাসিক রেশন ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে। বর্তমানে তাঁরা এই খাতে মাসে ১,৫০০ টাকা পান। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই ভাতা বেড়ে দাঁড়াবে ২,০০০ টাকা। এই ঘোষণাকে পুলিশকর্মীদের জন্য ‘দুর্গাপুজোর উপহার’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানীভবনে কাটমানি ও সিন্ডিকেটরাজের অভিযোগ জানানোর জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানীভবনে আসবেন, তা তো হতে পারে না। কিছু না কিছু দিতেই হবে। দুর্গাপুজোর উপহার হিসেবে অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দিলাম।”

পুলিশকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে কলকাতা ও রাজ্য পুলিশের ট্রাফিক কর্মীদের জন্যও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় লাগাতার বৃষ্টির মধ্যে ট্রাফিক পুলিশকর্মীদের কাজ করতে হচ্ছে। এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, ভাঙা ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিক সামলাতে দেখে তাঁর খারাপ লেগেছে। এতে পুলিশকর্মীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপর রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন শুভেন্দু। ট্রাফিক কর্মীদের জন্য উন্নত মানের ছাতা, রেনকোট ও গামবুটের ব্যবস্থা করতে এনকেডিএ এবং হিডকোকে নিজেদের তহবিল থেকে অর্থ দেওয়ার অনুরোধ জানান তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পালও এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়। মঙ্গলবারের অনুষ্ঠানেই ট্রাফিক পুলিশকর্মীদের জন্য ছাতা, রেনকোট, গামবুট-সহ বর্ষায় প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related Articles