WhatsApp: ইনস্টাগ্রামের পথে হোয়াটসঅ্যাপ! এবার শুধু ইউনিক নামেই খুঁজে নেওয়া যাবে বন্ধুদের
বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যুক্ত হতে গেলে সেই ব্যক্তির মোবাইল নম্বর সেভ করা আবশ্যিক।
Truth of Bengal: আট থেকে আশি, সকলের নিত্যদিনের যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে মেটা (Meta) পরিচালিত এই মেসেজিং সংস্থা এবার এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। জানা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আর হয়তো ফোন নম্বরের প্রয়োজনই পড়বে না! গোপনীয়তা এবং সুরক্ষার কথা মাথায় রেখেই এই নতুন ফিচারের পরিকল্পনা করা হয়েছে (WhatsApp)।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যুক্ত হতে গেলে সেই ব্যক্তির মোবাইল নম্বর সেভ করা আবশ্যিক। কিন্তু সংস্থাসূত্রে খবর, আগামীতে এই নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ইনস্টাগ্রামের ধাঁচে এবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও থাকতে চলেছে একটি ইউনিক ‘ইউজার নেম’ (Unique User Name)।
এই ইউজার নেমটি ব্যবহার করেই ব্যবহারকারীরা অন্য যে কাউকে খুঁজে নিতে পারবেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ঠিক যেমনটা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে করা যায়। এর ফলে আপনার ফোন নম্বর গোপন রাখার সুযোগ তৈরি হবে, যা প্ল্যাটফর্মের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বাড়াবে। বর্তমানে বিটা ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নিয়ে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। দিন কয়েক আগেই সংস্থা চালু করেছে আরও একটি অত্যন্ত প্রয়োজনীয় ফিচার— সরাসরি মেসেজ অনুবাদের (‘ট্রান্সলেট’) সুবিধা (WhatsApp)।
এখন থেকে ভাষার কারণে কোনো মেসেজ বুঝতে অসুবিধা হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তা অনুবাদ করে দেবে। এর জন্য যে মেসেজটি অনুবাদ করতে চান, সেটিতে লং প্রেস (Long Press) করতে হবে। এরপর যে মেনু খুলবে, তাতে ‘Translate’ অপশনটি পাওয়া যাবে। সেই অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দের ভাষায় (যা চান) ক্লিক করলেই মুহূর্তের মধ্যে মেসেজটি অনুবাদ হয়ে যাবে, যা ব্যবহারকারীর জন্য বহুলাংশে সময় ও শ্রম বাঁচাবে (WhatsApp)।






