দেশ

কর্নাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল প্রায় ৯৯ লক্ষ নাম!

সংশোধিত তালিকায় মোট ৯৯ লক্ষ ৩২ হাজার ৩০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে

Truth of Bengal: অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়া শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংশোধনের আগে রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৩১৪। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জনে। অর্থাৎ, সংশোধিত তালিকায় মোট ৯৯ লক্ষ ৩২ হাজার ৩০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে, নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৮ লক্ষ ৬৪ হাজার ভোটার।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ২৫ লক্ষের কাছাকাছি। মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ৪ লক্ষ বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী এলাকাভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রধান নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমে ভোটাররা নিজেদের নাম তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। গত ৩০ জুন কর্নাটকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগস্টে প্রথম পর্যায়ের শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ১ কোটি ৮ লক্ষ নাম বাদ পড়েছিল বলে জানা যায়। এনুমারেশন ফর্ম জমা ও যাচাইয়ের পর সেই সংখ্যা কিছুটা কমে এসেছে। ২৪ অগস্ট থেকে শুরু হওয়া যাচাই প্রক্রিয়া চলে ২২ অক্টোবর পর্যন্ত। এরপরই প্রকাশিত হল চূড়ান্ত তালিকা।

তবে খসড়া তালিকা প্রকাশের পর থেকেই কর্নাটকে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়। বহু বৈধ ভোটারের নাম কোনও কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। সেই সময় তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিরোধীরা কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles