কলকাতা

সরশুনায় প্রেমিক ও তাঁর বাবাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

Truth of Bengal: প্রেমিকার সঙ্গে কথা বলা ও চুম্বনের ‘অপরাধে’ তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগে তোলপাড় হয়েছিল বাংলা। সেই ঘটনার তদন্তে এবার অভিযুক্তদেরই কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল সরশুনা থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় এই পদক্ষেপ করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নাবালিকার বাবা, মা ও মামাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে খুনের চেষ্টা, অস্ত্র দিয়ে আঘাত, বেআইনিভাবে আটকে রাখা ও মানহানি। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। ঘটনার ভিডিও করেছিলেন বলে অভিযোগ, এমন আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৫ তারিখ। সরশুনা থানা এলাকার এক তরুণ তাঁর নাবালিকা প্রেমিকার সঙ্গে স্থানীয় খালপাড় মাঠে দেখা করতে যান। কিছুটা দূরে ছিলেন তরুণের এক বন্ধু। অভিযোগ, সেখানে তরুণ প্রেমিকাকে চুম্বন করেন। সেই সময় ঘনিষ্ঠ অবস্থায় দু’জনকে দেখে ফেলেন নাবালিকার মামার এক পরিচিত। তিনি বিষয়টি নাবালিকার পরিবারকে জানান।

এরপর নাবালিকার মা, বাবা ও মামা তরুণ এবং তাঁর বন্ধুকে ডেকে পাঠান বলে অভিযোগ। সেখানে তাঁদের হেনস্তা করা হয়। পরে তরুণের বাবাকেও ডেকে আনা হয়। অভিযোগ, তাঁদের বলা হয়, রাস্তায় নগ্ন হয়ে না হাঁটলে গুলি করা হবে। এরপর তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন অবস্থায় বাড়ির সামনের গলিতে প্রায় ৫০ মিটার হাঁটানো হয়। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Related Articles