একদিনে রাজ্যে জোড়া এনকাউন্টার! গাইঘাটার পর ধুলিয়ানেও পুলিশের গুলিতে খুনের অভিযুক্তের মৃত্যু
পরপর দুই অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘিরে শুরু হয়েছে চর্চা
Truth of Bengal: একদিনে পরপর দু’টি এনকাউন্টারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজ্যে। মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানেও সিআইডির গুলিতে মৃত্যু হল এক খুনের অভিযুক্তের। তদন্তে বাধা দিয়ে পালানোর চেষ্টা করতেই তাকে গুলি করা হয় বলে প্রাথমিক সূত্রে খবর। মৃতের নাম শামাউল শেখ। ফরাক্কার ঘোড়াইপাড়ার বাসিন্দা সে।
প্রায় দু’মাস আগে ধুলিয়ানের বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল শামাউল। মঙ্গলবার সেই মামলার তদন্তের সময় সিআইডির গুলিতে তার মৃত্যু হয়। রাজ্যে একই দিনে পরপর দুই অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘিরে শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, দু’মাস আগে সামশেরগঞ্জে বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তাঁর দেহ উদ্ধার করা যায়নি। গঙ্গার ধারে দেহের পায়ের একটি অংশ পাওয়া গিয়েছিল বলে জানা যায়। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিকদের বদলি করা হয়।
তদন্তে নেমে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। মঙ্গলবার তদন্তের সেই পর্বেই অভিযুক্ত শামাউলের মৃত্যু হল বলে খবর। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।






