কলকাতা

‘পুরুষেরও কষ্ট হয়’, দাম্পত্য বিতর্কে প্রথমবার মুখ খুললেন স্বরূপ বিশ্বাস!

স্ত্রীকে একাধিক প্রশ্ন তুলে ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজের যন্ত্রণার কথা জানালেন তিনি

Truth of Bengal: রাজ্যে পালাবদলের পরই প্রকাশ্যে এসেছিল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের দাম্পত্যে টানাপড়েনের খবর। বিচ্ছেদের মামলা ঘিরে চর্চাও কম হয়নি। এবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রথমবার সোশাল মিডিয়ায় মুখ খুললেন স্বরূপ। স্ত্রীকে একাধিক প্রশ্ন তুলে ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজের যন্ত্রণার কথা জানালেন তিনি। তাঁর কথায়, “পুরুষেরও কষ্ট হয়।” স্বরূপের ফেসবুক পোস্ট অনুযায়ী, বর্তমানে তাঁর ও জুঁই বিশ্বাসের বিচ্ছেদের মামলা চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি চাইলে মেয়েদের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু অভিযোগ, তাঁকে না জানিয়েই বড় মেয়েকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ছোট মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েও বাধার মুখে পড়েন বলে দাবি স্বরূপের। এর আগে জুঁই সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে গুণ্ডামির অভিযোগ তুলেছিলেন। এবার সেই প্রসঙ্গেই নিজের বক্তব্য তুলে ধরেছেন স্বরূপ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না। ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি অধ্যায় জনসমক্ষে তুলে ধরার বিষয় নয়। কিন্তু নীরবতারও একটা সীমা আছে। নিজের সন্তানদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের অধিকার প্রতিষ্ঠা করতেও আমাকে বারবার বাধার মুখে পড়তে হয়, তখন নিজের বক্তব্য তুলে ধরা আমার কাছে প্রয়োজনীয় হয়ে ওঠে।” দীর্ঘ পোস্টে দাম্পত্য জীবনের সমস্যা ও বিচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। স্বরূপের কথায়, “পুরুষেরও কষ্ট হয়। পুরুষেরও চোখে জল আসে। পুরুষও অন্যায়ের শিকার হতে পারেন। কিন্তু অনেক সময় সমাজ পুরুষের যন্ত্রণাকে গুরুত্ব দিতে চায় না।” তাঁর মতে, দাম্পত্য সম্পর্কে মতবিরোধ বা দূরত্ব তৈরি হলে অনেক ক্ষেত্রে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব। আবার কখনও বিচ্ছেদও অনিবার্য হয়ে ওঠে।

তবে সম্পর্কের পরিণতি যা-ই হোক, তার প্রভাব নাবালক সন্তানদের উপর কেন পড়বে, সেই প্রশ্ন তুলেছেন স্বরূপ। স্ত্রী জুঁইয়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, “যদি ২০১৯ সালেই সম্পর্ক শেষ হয়ে থাকে, তাহলে বিচ্ছেদের মামলা করতে এতদিন সময় লাগল কেন?”

Related Articles