কলকাতা

বিসর্জনের এক বিতর্কিত পোস্টেই বিপত্তি! কুণাল ঘোষের দুয়ারে হাজির পুলিশ

পুলিশের তরফে কুণাল ঘোষকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে

Truth of Bengal: তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে মঙ্গলবার হাজির হাওড়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। বিজয়া দশমীর দিন ফেসবুকে দুর্গা প্রতিমা বিসর্জন সংক্রান্ত একটি পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে কুণাল ঘোষকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী চার দিনের মধ্যে তাঁকে তদন্তকারীদের সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিজয়া দশমীর দিন হাওড়ার বাজে কদমতলা ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় আপত্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। তাঁর সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। পরে ওই পোস্টের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। মামলার তদন্তভার হাতে নেয় হাওড়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তের অঙ্গ হিসেবেই মঙ্গলবার কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন নারকেলডাঙা থানার পুলিশকর্মীরাও। বাড়িতে গিয়ে বিধায়ককে মামলার সঙ্গে সম্পর্কিত হাজিরার নোটিস দেওয়া হয়।

আগামী চার দিনের মধ্যে তাঁকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা না দিলে গ্রেপ্তারির পদক্ষেপ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ফেসবুকে করা একটি পোস্ট নিয়ে আপত্তি জানানো হয়েছে ঠিকই, তবে তিনি কোনও আপত্তিকর পোস্ট করেননি। কুণাল বলেন, “আমার একটি পোস্ট নিয়ে আপত্তি রয়েছে। কিন্তু আমি কোনও আপত্তিকর পোস্ট করিনি। কোনও ভুল করলে ক্ষমা চাইতে আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে আমি কোনও ভুল করিনি।”

Related Articles