কলকাতারাজ্যের খবর

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ১৫০ কিমি বেগে ল্যান্ডফলের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাতেও আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

Truth of Bengal: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছে আছড়ে পড়তে পারে এই প্রবল ঘূর্ণিঝড়। সম্ভাব্য ল্যান্ডফলের আগে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাতেও আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সেই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ১৫০ কিলোমিটার পর্যন্ত। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারিয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় রয়েছে হলুদ সতর্কতা।

Related Articles