কলকাতারাজ্যের খবর

‘অর্ণব’-এর তাণ্ডবে তছনছ অন্ধ্র-ওড়িশা! বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Truth of Bengal: ঘূর্ণিঝড় অর্ণবের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলছে। অর্ণবের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। যদিও পূর্বাভাস ছিল, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি। তবে কলকাতা বিমানবন্দরে ঘূর্ণিঝড়ের জেরে বাতিল করা হয়েছে কয়েকটি উড়ান। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবারের জন্য কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। যদিও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার বিকেল ৩টের পর পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছিল। তার পর থেকে ওই জেলায় তেমন বৃষ্টি হয়নি। তবে বুধবার ভোর থেকেই কাঁথি, রামনগর-সহ একাধিক এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। তাজপুর ও শঙ্করপুরের মতো উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে লাগাতার মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বুধবার উত্তরের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles