এসআইআর বিতর্কে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জবাব, আপাতত স্বস্তিতে জ্ঞানেশ
বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
Truth of Bengal: এসআইআর, ফর্ম ১৬ এবং একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার একত্রে মামলাগুলির শুনানি হয়। আপাতত স্বস্তি পেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
মুখ্য নির্বাচন কমিশনারের কাজের পদ্ধতি এবং এসআইআর সংক্রান্ত ফর্মে পরিবর্তনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছিল। সেই মামলাগুলির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একটি হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন।
একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগের জবাবে কমিশন জানিয়েছে, অভিযোগগুলি একটি সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে করা হয়েছে। কমিশনের দাবি, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট আধিকারিকদের মতামত, পরামর্শ, পর্যবেক্ষণ এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হয়। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের মতামতও গুরুত্ব পায় বলে হলফনামায় জানানো হয়েছে।






