আক্রান্ত খগেন-শঙ্কর: এই হামলাকে সমর্থন করছেন না অধীর-সেলিম
আমি বলছি না ঘটনার পক্ষে-বিপক্ষে। তবে সমর্থনযোগ্য নয় এই রাজনীতি।
দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে গোটা বঙ্গ রাজনীতি তোলপাড়, নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে, হামলার জেরে বিজেপি সাংসদ খগেন মুর্মুর গুরুতর জখম হওয়া নিয়ে। প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাঁকে আর দলের বিধায়ক শংকর ঘোষকে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এবার এই বিষয়ে নিজেদের অবস্থান জানাল বাম-কংগ্রেস। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম, দুজনেই স্পষ্ট করে দেন যে এটি একেবারেই সমর্থন করা যায় না।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, “সাহায্য করার সময়ে জাত, ধর্ম, বর্ণ বা দল না দেখাই বুদ্ধিসম্পন্ন মানুষের পরিচয়। আরও নিম্ন মানসিকতার প্রকাশ পায় এটা করার মধ্যে দিয়ে। আমি নিজেও করবো না। আবার করতেও দেব না কাউকে। কখনোই সমর্থনযোগ্য নয় এটা।” যদিও তিনি স্পষ্ট করে দেন যে এগুলি বলে বিজেপিকে সমর্থন করছেন না। অধীর চৌধুরী বলেন, “আমি এটা বলছি মানে যে এই নয় আমি বিজেপির হয়ে কথা বলছি। আমি বলছি না ঘটনার পক্ষে-বিপক্ষে। তবে সমর্থনযোগ্য নয় এই রাজনীতি।”
অন্যদিকে মহাম্মদ সেলিম বলেন, “উনিও (খগেন মুর্মু) এক সময়ে বামপন্থী ছিলেন। তবে যেভাবে ওনাকে আক্রমণ করা হয়েছে, তা সমর্থন কখনোই করা যায় না।” যদিও সিপিএমের রাজ্য সম্পাদক মতের অমিল বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “আমাদের মতের মিল ওদের সঙ্গে নাই থাকতে পারে, তাই বলে আমরা সমর্থন করি না এই হামলা।”






