এবার ‘সেলফি ভিডিও’ দেখিয়েই লগ-ইন হবে গুগল অ্যাকাউন্ট
বিশেষ করে পাসওয়ার্ড ভুলে গেলে বা নিজের পরিচিত ফোন, ল্যাপটপ, আইপ্যাড বা কম্পিউটার ব্যবহার করতে না পারলে এই নতুন ফিচার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে
Truth of Bengal: Google অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এবার থেকে ব্যবহারকারীরা সহজেই ‘Selfie Video’-র মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করে Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে বা অ্যাকাউন্ট পুনরুদ্ধার (Account Recovery) করতে পারবেন। বিশেষ করে পাসওয়ার্ড ভুলে গেলে বা নিজের পরিচিত ফোন, ল্যাপটপ, আইপ্যাড বা কম্পিউটার ব্যবহার করতে না পারলে এই নতুন ফিচার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। Google জানিয়েছে, এই ব্যবস্থায় একাধিক নিরাপত্তা স্তর (Security Checks) ব্যবহার করা হয়েছে। শুধু মুখের মিল দেখাই নয়, ভিডিওটি লাইভ কিনা, সেটিও পরীক্ষা করা হবে। এছাড়া ডিপফেক (Deepfake) বা অন্য কারও ছবি কিংবা ভিডিও ব্যবহার করে প্রতারণার চেষ্টা রুখতেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে।
কীভাবে নয়া ফিচার ব্যবহার করা যাবে
গুগলের নয়া ফিচার ব্যবহার করতে হলে প্রথমে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিও রেকর্ড করার সময় স্ক্রিনে দেখানো নির্দেশ অনুযায়ী মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হবে, যাতে মুখের একাধিক দিক ক্যামেরায় ধরা পড়ে। এই ভিডিয়ো ব্যবহারকারীর সম্মতি নিয়ে Google অ্যাকাউন্টে নিরাপদভাবে স্টোর করা হবে। পরে যদি কোনও কারণে ব্যবহারকারী অ্যাকাউন্টে লগ-ইন করতে না পারেন, তাহলে আবার একটি নতুন সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। Google সেই নতুন ভিডিওর সঙ্গে আগে থেকে স্টোর করা ভিডিওটি মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করবে। সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে পুনরায় সাইন ইন করার অনুমতি দেওয়া হবে।
সংরক্ষিত সেলফি ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় রাখা হবে এবং ব্যবহারকারী চাইলে যেকোনও সময় সেটি মুছে ফেলতে পারবেন। ডিফল্টভাবে এই ভিডিয়ো শুধুমাত্র অ্যাকাউন্টে সাইন-ইন বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজেই ব্যবহার করা হবে। অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করতে হলে ব্যবহারকারীর আলাদা সম্মতির প্রয়োজন হবে। বর্তমানে Google অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA), ট্রাস্টেড ডিভাইস, রিকভারি ফোন নম্বর এবং রিকভারি ই-মেলের মতো একাধিক পদ্ধতি রয়েছে। নতুন Selfie Video সেই তালিকায় আরও একটি বিকল্প হিসাবে যোগ হল।






