খেলা

অন্ধ্রপ্রদেশকে হারিয়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা

শাহবাজ আহমেদ ৭২ রানে ৪টি উইকেট তুলে নিয়ে অন্ধ্রর ব্যাটিং ভেঙে দেন।

Truth Of Bengal: রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দ বজায় রেখে অন্ধ্রপ্রদেশকে ৯০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন বাংলা দল। কল্যাণীতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্যাট ও বল—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে সরাসরি জয় তুলে নেয় বঙ্গ ব্রিগেড।ম্যাচের প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশ তোলে ২৯৫ রান। জবাবে সুদীপ কুমার ঘরামির অবিশ্বাস্য ২৯৯ রানের ম্যারাথন ইনিংসের উপর ভর করে বাংলা গড়ে ৬২৯ রানের পাহাড়প্রমাণ স্কোর। প্রায় ৯৩০ মিনিট ক্রিজে থেকে ৫৯৬ বলে ৩১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে এই ইনিংস খেলেন ঘরামি। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামলেও বাংলাকে বিশাল লিড এনে দেন তিনিই।

দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশকে চাপে রাখেন বাংলার বোলাররা। অধিনায়ক নীতীশ কুমার রেড্ডি ৯০ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। শাহবাজ আহমেদ ৭২ রানে ৪টি উইকেট তুলে নিয়ে অন্ধ্রর ব্যাটিং ভেঙে দেন। সুরজ সিন্ধু জয়সওয়াল নেন ২টি উইকেট। শেষ পর্যন্ত ২৪৪ রানেই গুটিয়ে যায় অন্ধ্র, ফলে ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলার।প্রথম ইনিংসেও বল হাতে নজর কাড়েন মুকেশ কুমার (৫/৬৬) ও আকাশ দীপ (৪/৭৯)। ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলেন মহম্মদ শামি, মাত্র ৩৩ বলে ৫৩ রান করে দলের স্কোর আরও শক্তিশালী করেন।গ্রুপ পর্বে উত্তরাখণ্ড, গুজরাট, রেলওয়েজ, সার্ভিসেস ও হরিয়ানাকে হারিয়ে গ্রুপ সি-তে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলা। সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের সংগ্রহ ছিল ৩৬ পয়েন্ট। শেষ আটে অন্ধ্রকে হারিয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে জোরাল করছে দল।

২০২২-২৩ মরসুমের পর আবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে কর্ণাটক ও উত্তরাখণ্ড। বহুদিনের অধরা রঞ্জি শিরোপা জয়ের আশায় এখন বুক বাঁধছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।