দেশ

বন্ধুত্বের আড়ালে মৃত্যুফাঁদ! ‘রসগোল্লায়’ কামড় দিতেই বিস্ফোরণ, প্রাণ গেল যুবকের

মিষ্টি ভেবে সেটিতে কামড় বসাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ

Truth of Bengal: রাতের খাওয়া শেষ করে বন্ধুর সঙ্গে আগুন পোহাতে বসেছিলেন। চলছিল গল্পগুজব। আচমকাই এক বন্ধু প্রস্তাব দেন, রসগোল্লা খাবেন কি না। বন্ধুর কথায় রাজিও হয়ে যান রাজেন্দ্র। এরপর তাঁর হাতে একটি রসগোল্লা তুলে দেন রামভগত। কিন্তু মিষ্টি ভেবে সেটিতে কামড় বসাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাজেন্দ্র। শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো গেল না তাঁকে। মধ্যপ্রদেশের ডিন্ডোরির পাদারিয়া ছান্তা গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত বন্ধু রামভগতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে বন্ধুর সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন রাজেন্দ্র। সেই সময় রামভগত তাঁকে রসগোল্লা খাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আসলে সেটি কোনও মিষ্টি ছিল না। রসগোল্লার নাম করে রাজেন্দ্রর হাতে তুলে দেওয়া হয়েছিল শূকর শিকারের জন্য ব্যবহৃত এক ধরনের বিস্ফোরক বা ‘পিগ বম্ব’। সেটি মুখে পুরে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রাজেন্দ্রর ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর দেখে শিউরে ওঠেন তাঁরা। তড়িঘড়ি একটি টোটোয় করে তাঁকে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। এদিকে, ঘটনার পরই অভিযুক্ত রামভগতকে গ্রেপ্তার করে পুলিশ।

জেরায় রামভগত স্বীকার করেছেন বলে পুলিশের দাবি, রসগোল্লা বলে তিনি রাজেন্দ্রকে শূকর মারার বোমাটিই দিয়েছিলেন। তাঁর আরও দাবি, এক কিশোরের কাছ থেকে ওই বিস্ফোরক পেয়েছিলেন তিনি। সেই সূত্র ধরে তদন্তে নেমে ওই কিশোরকেও আটক করেছে পুলিশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কী কারণে বন্ধুর হাতে এমন প্রাণঘাতী বিস্ফোরক তুলে দিয়েছিলেন রামভগত? নিছক মজা, পুরনো শত্রুতা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য? এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, শূকর শিকারে ব্যবহৃত এই ধরনের বোমা সাধারণ বাজি বা পটকা নয়। অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক হিসেবে পরিচিত এগুলি। জঙ্গলে শিকারের সময় খাবারের মধ্যে লুকিয়ে রেখে পশুদের টোপ দেওয়া হয়। কিন্তু এমন প্রাণঘাতী বিস্ফোরক কীভাবে ওই যুবকদের হাতে এল, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বন্ধুর দেওয়া ‘রসগোল্লা’ যে শেষ পর্যন্ত মৃত্যুফাঁদ হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেননি রাজেন্দ্র।

Related Articles