রাজ্যের অদক্ষ শ্রমিকদের জন্য বড় সুখবর! দৈনিক মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী
তাঁদের ন্যূনতম দৈনিক মজুরি অন্তত ৪০০ টাকা করার পক্ষে সওয়াল করল রাজ্য সরকার
Truth of Bengal: বাংলার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অদক্ষ শ্রমিকদের জন্য বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁদের ন্যূনতম দৈনিক মজুরি অন্তত ৪০০ টাকা করার পক্ষে সওয়াল করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের সভাঘরে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে আনুষ্ঠানিক আলোচনার পরিবেশ না থাকলেও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অল্প সময়ের জন্য কথা বলার সুযোগ হয়। সেই সময়ই বাংলার অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর বিষয়টি তাঁর সামনে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে এসেছি, বাংলার মাটিতে যারা ‘আনস্কিলড জব’-এর সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।” উল্লেখ্য, ১০০ দিনের কাজের প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘ভিবি-জি রাম জি’ প্রকল্প। এই প্রকল্পে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে দৈনিক মজুরি ৩০০ টাকা। সেই মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করার দাবিই এবার কেন্দ্রের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
এদিন নতুন কর্মসংস্থান প্রকল্পের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রকল্পের আওতায় কর্মদিবস তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন প্রায় ১০ লক্ষ কর্মদিবস তৈরি হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যেই কর্মদিবসের সংখ্যা বেড়ে ১ কোটি ৬০ লক্ষে পৌঁছেছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, খুব শীঘ্রই ২২ কোটির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। এখন দেখার, অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয়।






