কলকাতা

বেসরকারি ভলভোর একচেটিয়া বাজারে এবার সরকারি চ্যালেঞ্জ! SBSTC-র বহরে আসছে বিলাসবহুল স্লিপার বাস

সরকারি বাসেও এবার বসে নয়, শুয়ে শুয়েই পাড়ি দেওয়া যাবে দীর্ঘ পথ

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: দূরপাল্লার বাসযাত্রায় এবার নতুন অধ্যায় খুলতে চলেছে রাজ্য সরকারি পরিবহণে। এত দিন রাতের দীর্ঘ সফরে আরামদায়ক শয্যার ব্যবস্থা বলতে যাত্রীদের ভরসা ছিল মূলত বেসরকারি বিলাসবহুল বাস। সেই ছবিতেই বদল আনতে চলেছে রাজ্যের পরিবহণ নিগম। সরকারি বাসেও এবার বসে নয়, শুয়ে শুয়েই পাড়ি দেওয়া যাবে দীর্ঘ পথ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) বহরে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ভলভো ৯৬০০ সিরিজের মাল্টি-অ্যাক্সেল এসি স্লিপার বাস। লক্ষ্য একটাই—যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিলাসবহুল বাস পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামা।

পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর ভলভো কারখানা থেকে ছ’টি নতুন বাস ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে। এর মধ্যে দু’টি স্লিপার এবং চারটি ইকোনমি মডেলের সিটার বাস। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চারটি স্লিপার বাস SBSTC-র বহরে যুক্ত হতে পারে। যাত্রীদের চাহিদা এবং পরিষেবার সাফল্য বিচার করে ভবিষ্যতে এই ধরনের বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

দুই গুরুত্বপূর্ণ রুটে নজর

নতুন স্লিপার বাস চালানোর জন্য প্রাথমিক ভাবে দুটি গুরুত্বপূর্ণ রুটকে বেছে নেওয়ার কথা ভাবছে পরিবহণ নিগম। একটি কলকাতা–শিলিগুড়ি, অন্যটি কলকাতা–পুরী। দু’টি রুটেই রাতের যাত্রীদের চাপ যথেষ্ট বেশি। দীর্ঘ সময় ধরে বাসে বসে যাতায়াতের পরিবর্তে শুয়ে যাওয়ার সুযোগ পেলে যাত্রীদের কাছে এই পরিষেবা আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করছেন পরিবহণ কর্তারা। তবে কোন রুটে কতগুলি বাস চলবে এবং কবে থেকে পরিষেবা শুরু হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাসের ভিতরেই বিলাসবহুল ভ্রমণের আয়োজন

নতুন ভলভো স্লিপার বাসের সবচেয়ে বড় আকর্ষণ তার আধুনিক অভ্যন্তরীণ পরিকাঠামো। যাত্রীদের জন্য থাকছে প্রশস্ত স্লিপার বার্থ, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যক্তিগত মোবাইল চার্জিং পোর্ট, রিডিং লাইট এবং ইনফোটেনমেন্ট স্ক্রিন। পাশাপাশি থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা। বড় প্যানোরামিক জানলা দিয়ে সফরের সময় বাইরের দৃশ্য উপভোগ করার সুযোগও মিলবে।

অর্থাৎ, দীর্ঘ পথের ক্লান্তিকর যাত্রাকে আরামদায়ক ভ্রমণে পরিণত করাই এই নতুন পরিষেবার অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে রাতের বাসযাত্রায় যাঁদের দীর্ঘক্ষণ বসে থাকতে অসুবিধা হয়, তাঁদের কাছে এই পরিষেবা বাড়তি সুবিধা নিয়ে আসতে পারে।

নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

শুধু বিলাসিতা নয়, নিরাপত্তার ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে। বাসগুলিতে থাকছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এবং ইলেকট্রনিক ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল (EVSC)। এই প্রযুক্তিগুলি গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে চালককে সাহায্য করবে এবং প্রতিকূল পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।

চালকের স্বাচ্ছন্দ্যের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। উন্নতমানের আরামদায়ক আসন, আধুনিক কার্ভড ইনস্ট্রুমেন্ট কনসোল এবং সূর্যের আলো থেকে চোখ রক্ষার জন্য বিশেষ সান-ভাইজরযুক্ত কাঁচ রাখা হয়েছে।

বাসের গায়েও বাংলার ঐতিহ্য

আধুনিক প্রযুক্তির সঙ্গে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকেও তুলে ধরার চেষ্টা রয়েছে বাসের বহিরঙ্গের নকশায়। সাদা ও গেরুয়া রঙে সাজানো হয়েছে নতুন ভলভোগুলিকে। বাসের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দিরের মতো বাংলার পরিচিত স্থাপত্য ও ঐতিহ্যের ছবি। ফলে রাস্তায় চলার সময় এই বাসগুলি শুধু পরিবহণের মাধ্যম হিসেবেই নয়, বাংলার পরিচয়ের বাহক হিসেবেও নজর কাড়বে।

এক একটি বাসের দাম প্রায় দু’কোটি টাকা

এই বিলাসবহুল পরিষেবার পিছনে বিনিয়োগও কম নয়। ভলভো ৯৬০০ সিরিজের প্রতিটি স্লিপার বাসের আনুমানিক মূল্য দেড় থেকে দু’কোটি টাকা। প্রতিটি বাসে ৪৩টি আসন রয়েছে বলে জানা গিয়েছে। তবে নতুন বাসগুলি শেষ পর্যন্ত SBSTC-র হাতে থাকবে, নাকি পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের (WBSTC) অধীনে দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কলকাতা বাসওপিডিয়া-র সাধারণ সম্পাদক অনিকেত বন্দ্যোপাধ্যায়ের মতে, বছরের গোড়াতেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) স্লিপার ভলভো পেয়েছিল। এবার দক্ষিণবঙ্গের পরিবহণ নিগমের বহরেও এই ধরনের বাস যুক্ত হওয়ার পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, বেসরকারি সংস্থার বিলাসবহুল স্লিপার বাসের ভাড়া সাধারণত অনেকটাই বেশি। সরকারি পরিবহণ নিগম যদি তুলনামূলক কম খরচে একই ধরনের পরিষেবা দিতে পারে, তা হলে সাধারণ যাত্রীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

ভাড়া ও সরকারি সুবিধা নিয়ে কৌতূহল

নতুন বাস নিয়ে যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও কয়েকটি প্রশ্নের উত্তর এখনও অধরা। প্রথমত, এই বিলাসবহুল পরিষেবার টিকিটের দাম কত হবে? দ্বিতীয়ত, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের যে সুবিধা রয়েছে, নতুন স্লিপার বাসের ক্ষেত্রেও সেই নিয়ম কার্যকর হবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। কারণ, বিলাসবহুল পরিষেবার ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সরকারি নিয়ম ও যাত্রীস্বার্থের মধ্যে কীভাবে ভারসাম্য রাখা হবে, সেটাই এখন দেখার।

সব মিলিয়ে, রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থাকে সময়োপযোগী করে তোলার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। এত দিন বিলাসবহুল দূরপাল্লার বাস পরিষেবার বাজারে বেসরকারি সংস্থাগুলিরই প্রাধান্য ছিল। এবার সরকারি পরিবহণ নিগম যদি সাশ্রয়ী ভাড়ায় আধুনিক স্লিপার পরিষেবা চালু করতে পারে, তা হলে যাত্রীদের সামনে তৈরি হবে নতুন বিকল্প। সরকারি বাসের পরিচিত নির্ভরযোগ্যতার সঙ্গে বিলাসবহুল সফরের অভিজ্ঞতা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে পরিবহণ মহল।