অসমের বিপক্ষে ম্যাচেও সুবিধাজনক জায়গায় বাংলা
অসমের বিপক্ষে বোলিং বিভাগে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছে বাংলা দল। তবে শামি দলে এলেও বাদ পড়েছেন আদিত্য পুরোহিত, বিশাল ভাট্টি ও সুমিত মোহান্ত।
Truth Of Bengal: চলতি বছরের রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা। প্রথম দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ড্র করলেও চতুর্থ ম্যাচে ফের জয় ছিনিয়ে নেয় লক্ষ্মীর দল। এবার পালা অসম বধের। এই ম্যাচে বাংলা দলে ফের ফিরে এসেছেন পেসার মহম্মদ শামি। ফলে অসমের বিপক্ষে বোলিং বিভাগে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছে বাংলা দল। তবে শামি দলে এলেও বাদ পড়েছেন আদিত্য পুরোহিত, বিশাল ভাট্টি ও সুমিত মোহান্ত।
রবিবার কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। শুরুতেই ঋষভ দাসকে ফিরিয়ে দিয়ে সূরয সিন্ধু বুঝিয়ে দেন এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট নেওয়ার জন্য তৈরি তাঁরা। তারপর একে একে বাংলার হয়ে উইকেট ঝুলিতে পুড়তে থাকেন মহম্মদ শামি, মহম্মদ কাইফরা।
অসমের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন সরুপম পুরকায়স্থ। এছাড়া সুমিত গাধিগাওনকর ৪৮ রানে অপরাজিত রয়েছেন। প্রদ্যুৎ সইকিয়া আউট হন ৩৮ রানে। দিনের শেষে অসমের সংগ্রহ আট উইকেটের বিনিময়ে ১৯৪ রান।






