সম্পাদকীয়

নিঃশব্দে ডুবছে সুন্দরবন

কিন্তু সুন্দরবনের সবচেয়ে বড় বিপদ আসে নিঃশব্দে

ডক্টর সুজীব কর: ভরা কোটালের রাতে ঘুম আসে না ঘোড়ামারার মানুষের। নদীর জল ফুলে উঠলেই মাটির বাঁধে কান পেতে থাকেন তাঁরা— কোথাও চিড় ধরল কি না, কোথাও নোনা জল চুঁইয়ে ঢুকছে কি না। ঘূর্ণিঝড় এলে ক্ষতি চোখে পড়ে, খবর হয়, ত্রাণ আসে। কিন্তু সুন্দরবনের সবচেয়ে বড় বিপদ আসে নিঃশব্দে। মাসের পর মাস, বছরের পর বছর, এক-দু মিটার করে নদী আর সমুদ্র গিলে নিচ্ছে চাষের জমি, পুকুর, ভিটে, স্কুল আর আস্ত গ্রাম। এই ভাঙন কোনও একদিনের দুর্যোগ নয়, এ এক চলমান বিপর্যয়। আর সেই বিপর্যয় মোকাবিলায় আমাদের হাতে আজও কোনও সামগ্রিক, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই।

ক্ষতির ছবি

ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (জিএসআই) চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় পরিবেশ আদালতে (এনজিটি) জানিয়েছে, ১৯৬৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতীয় সুন্দরবন ২৫০ বর্গকিলোমিটারেরও বেশি জমি হারিয়েছে। এই পঞ্চাশ বছরে ঘোড়ামারা দ্বীপের আয়তন ৮.৫৯ বর্গকিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৮৩ বর্গকিলোমিটারে, অর্থাৎ অর্ধেকেরও বেশি জমি জলের তলায়। পুরনো নথি বলছে, ১৯২২-২৩ সালে ঘোড়ামারার মূল দ্বীপটিরই আয়তন ছিল সাড়ে আঠারো বর্গকিলোমিটার। পাশের লোহাচড়া দ্বীপ তো কবেই মানচিত্র থেকে মুছে গিয়েছে।

২০২৫ সালে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণাপত্রের হিসেব আরও উদ্বেগজনক। তাতে বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে নিট জমি হারানোর হার বেড়ে বছরে প্রায় ৫৫০ হেক্টরে পৌঁছেছে, যা আগের দশকে ছিল বছরে প্রায় ৪০০ হেক্টর। সমুদ্রমুখী সব বনদ্বীপেই ম্যানগ্রোভ অরণ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, রাজ্যের উপকূলরেখা কোথাও কোথাও বছরে ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত ভেতরের দিকে সরে আসছে।

10 years after Cyclone Aila hit Bay of Bengal, farmers are still feeling  the pain

কেন ভাঙছে সুন্দরবন

সুন্দরবনের ভাঙনের পেছনে কোনও একটি কারণ নেই, রয়েছে একাধিক কারণের জটিল জাল। রাজ্য সরকার নিজেই পরিবেশ আদালতে স্বীকার করেছে যে প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং উজানে বাঁধ নির্মাণের ফলে পলির জোগান কমে যাওয়া— সব মিলিয়েই গাঙ্গেয় বদ্বীপ আজ তীব্র ভাঙনের মুখে।

 পলির সঞ্চয় এর অভাব– বদ্বীপ বাঁচে পলিতে। উজানে নদীর উপর অসংখ্য বাঁধ ও ব্যারাজ পলি আটকে দেওয়ায় ভাটির দ্বীপগুলিতে নতুন মাটি জমছে না। বিজ্ঞানীরা একে বলছেন পলির সঞ্চয়ের অভাব।

সমুদ্রের উত্থান ও জমি বসে যাওয়া– বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ উঠছে, আবার বদ্বীপের নরম মাটি নিজে থেকেই ধীরে ধীরে বসে যাচ্ছে। এই দুইয়ের যোগফলে জোয়ারের জল আগের চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছচ্ছে।

ঘূর্ণিঝড়ের মিছিল– আয়লা (২০০৯), আমফান (২০২০), ইয়াস (২০২১), রেমাল (২০২৪)— প্রতিটি ঝড় বাঁধ ভেঙেছে, নোনা জলে ডুবিয়েছে চাষের জমি। শুধু ইয়াসের পরেই রাজ্যের প্রাথমিক হিসেবে প্রায় ৯৬,৬৫০ হেক্টর ফসলি জমিতে জল ঢুকেছিল।

নদীর গতিপথ বদল– জোয়ার-ভাটার তীব্র স্রোত ক্রমশ নতুন দিকে আঘাত হানছে। গবেষকরা দেখাচ্ছেন, ঘোড়ামারার মতো দ্বীপে ভাঙনের মূল কেন্দ্র পশ্চিম দিক থেকে সরে উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিকে চলে এসেছে।

মানুষের হস্তক্ষেপ– ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি, নদীর খাত পরিবর্তন এবং অপরিকল্পিত জমি ব্যবহারও ভাঙনকে ত্বরান্বিত করছে।

Sundarban Travel Simplified For Every Type of Traveller

ভিটেহারা মানুষের কথা

পরিসংখ্যানের আড়ালে রয়েছে হাজার হাজার মানুষের ভাঙা সংসার। ২০২২ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গিয়েছিল, সুন্দরবনের এক পঁয়ত্রিশ বছরের বাসিন্দা জীবনে সতেরো বার ঘর বদলাতে বাধ্য হয়েছেন। প্রতিবারই নদী তাঁর ঘর টেনে নিয়ে গিয়েছে। ঘোড়ামারা ও মৌসুনির মানুষ বলছেন, পুকুরের জল এত নোনা হয়ে গিয়েছে যে স্নানের কাজেও লাগে না। তবু তাঁদের প্রথম দাবি একটাই—ভাঙন রোখো।

যাঁরা জমি হারাচ্ছেন, তাঁদের বড় অংশ পাড়ি দিচ্ছেন সাগর, কাকদ্বীপ কিংবা ভিনরাজ্যে, পরিযায়ী শ্রমিক হয়ে।

দ্বীপে দ্বীপে বিপদের ছবি

ঘোড়ামারা– হুগলি নদীর মোহনায় এই দ্বীপ সুন্দরবনের ভাঙনের প্রতীক হয়ে উঠেছে। দ্বীপের উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব প্রান্ত দক্ষিণের তুলনায় অনেক দ্রুত ভাঙছে। জনসংখ্যা বাড়ছে না, কারণ মানুষ ক্রমশ সাগর ও কাকদ্বীপে চলে যাচ্ছেন।

সাগর– গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত এই বৃহত্তম দ্বীপও সমুদ্রমুখী উপকূলে ভাঙনের শিকার। ঘোড়ামারা থেকে আসা উদ্বাস্তুদের চাপ সামলাতে হচ্ছে সাগরকেই। তাই এখানে ভাঙন রোধ ও পরিকল্পিত পুনর্বাসন— দুই-ই সমান জরুরি।

মৌসুনি– চিনাই ও মুড়িগঙ্গা নদীর মাঝে, খোলা সমুদ্রের মুখোমুখি এই দ্বীপের বাসিন্দারা বলছেন, প্রতিটি ঝড়ে তাঁরা নতুন করে বিপদে পড়েন। পর্যটনের সম্ভাবনা থাকলেও দুর্বল বাঁধ সেই সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে।

গোসাবা ও পাথরপ্রতিমা– নদীবেষ্টিত এই ব্লকগুলিতে বাঁধ ভাঙা মানেই একসঙ্গে বহু গ্রাম নোনা জলে প্লাবিত হওয়া। আয়লা ও আমফানের পর কয়েক বছর ধরে চাষের জমি অনুর্বর থেকেছে।

হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি– উত্তর ২৪ পরগনার এই অংশে রায়মঙ্গল ও ইছামতীর তীরে বাঁধ বারবার ভেঙেছে। সীমান্তবর্তী হওয়ায় এখানে বাংলাদেশের সঙ্গে সমন্বয়ও জরুরি।

Sundarbans devastated by cyclone Amphan, as virus halts migration

আদালতের ভর্ৎসনা, সরকারের সামনে সুযোগ

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি জাতীয় পরিবেশ আদালত সুন্দরবনের, বিশেষত ঘোড়ামারার ভাঙন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। রাজ্য উপকূল অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাঁধ মেরামত ও ভাঙন-রোধী কাজের হিসেব দিলেও আদালত স্পষ্ট জানায়, ম্যানগ্রোভ সুরক্ষা ও উপকূলীয় ভাঙন রোধের কোনও সামগ্রিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নথিতে নেই এবং এমন জোড়াতালির পদক্ষেপে স্থায়ী ফল মিলবে না। আদালত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের আঞ্চলিক দফতরের বন মহানির্দেশক এবং রাজ্যের প্রধান মুখ্য বনপালকে নিয়ে একটি যৌথ কমিটি গড়ে দিয়েছে। কমিটিকে ম্যানগ্রোভ রক্ষা, ভাঙন নিয়ন্ত্রণ, খরচের হিসেব, অর্থের উৎস, দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও সময়সীমা-সহ বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ রাজ্যের নতুন সরকারের সামনে একটি বড় সুযোগ। অতীতে বিশ্বব্যাঙ্ক-সমর্থিত প্রায় ৪,১০০ কোটি টাকার একটি সুন্দরবন প্রকল্প কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় আটকে থাকার অভিযোগ উঠেছিল। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্যে বন্যা ও লবণাক্ততা মোকাবিলার একটি খসড়া কর্মপরিকল্পনাও তৈরি হয়েছিল। এই সব বিচ্ছিন্ন উদ্যোগকে একসূত্রে গাঁথার সময় এসেছে।

কী করা দরকার– দশ দফা প্রস্তাব

এই প্রতিবেদকের মতে, সুন্দরবনকে বাঁচাতে হলে ‘বাঁধ ভাঙলে সারাও’ নীতি থেকে সরে এসে ‘আগে থেকে জানো, প্রকৃতির সঙ্গে লড়ো না, মানুষকে আগে রক্ষা করো’— এই নীতি নিতে হবে। রাজ্য সরকারের বিবেচনার জন্য দশটি প্রস্তাব রাখা হল।

১. একক কর্তৃপক্ষ– সেচ, সুন্দরবন বিষয়ক, বন, বিপর্যয় মোকাবিলা ও ভূমি দফতরের কাজ সমন্বয়ের জন্য আইন করে একটি ‘সুন্দরবন উপকূল ও নদীপাড় সুরক্ষা কর্তৃপক্ষ’ গঠন করা হোক। তার থাকবে নিজস্ব বাজেট এবং বিশেষজ্ঞ উপদেষ্টা পর্ষদ।

২. ভাঙনের মানচিত্র ও পূর্বাভাস– উপগ্রহচিত্র, ড্রোন ও নদী-সমীক্ষার সাহায্যে প্রতি বছর প্রতিটি দ্বীপের ভাঙন-মানচিত্র তৈরি করা হোক এবং কম্পিউটার মডেলে আগামী এক ও পাঁচ বছরের সম্ভাব্য তটরেখা নির্ণয় করা হোক। এই তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করা হোক।

Sundarbans National Park in West Bengal | TimesTravel

৩. ‘ম্যানগ্রোভ–আগে’- বাঁধের সামনে ম্যানগ্রোভের বলয়, ঢালু ও চওড়া বাঁধ এবং টেরাকোটার রিং বা ডালপালার বেড়া দিয়ে পলি ধরে রাখার ব্যবস্থা। গবেষণায় দেখা গিয়েছে, আটকে থাকা পলিতে ম্যানগ্রোভ নিজে থেকেই জন্মায়। ম্যানগ্রোভ জীবন্ত পরিকাঠামো; ঢেউয়ের শক্তি কমায়, মাটি ধরে রাখে, নতুন পলি জমায়।

৪. দ্বিতীয় সারির সুরক্ষা– ২০২১ সালের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সমুদ্রমুখী সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় মূল বাঁধের পিছনে বিকল্প বাঁধ তৈরি করা হোক।

৫. পরিকল্পিত স্থানান্তর– যেখানে দ্বীপ রক্ষার খরচ রক্ষিত জমির মূল্যের চেয়ে বেশি, যেমন ঘোড়ামারার কিছু অংশ, সেখানে মানুষের সম্মতি নিয়ে সময় থাকতে নিরাপদ জায়গায় পুনর্বাসন করা হোক। বাঁধ ভাঙার পর আতঙ্কিত উচ্ছেদ যেন আর না হয়।

৬. ভাঙন–উদ্বাস্তুদের আইনি স্বীকৃতি– রাজ্যে একটি ‘নদী ও উপকূল ভাঙনে বাস্তুচ্যুত ব্যক্তি পুনর্বাসন নীতি’ চালু হোক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ দিনের মধ্যে নথিভুক্ত করা হোক এবং ১২ মাসের মধ্যে জমি-ব্যাঙ্ক থেকে বাস্তুজমি, পাকা বাড়ি, অন্তর্বর্তী অনুদান ও মাসিক ভাতা দেওয়া হোক।

৭. ভূমি রেকর্ড হালনাগাদ– সুন্দরবনের প্রতিটি ব্লকে বিশেষ জরিপ চালিয়ে জমির মালিকানা হালনাগাদ করা হোক, যাতে বাঁধের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণে দেরি না হয়।

৮. বিকল্প জীবিকা– লবণ-সহিষ্ণু ধান, কাঁকড়া ও মধুর মূল্য-শৃঙ্খল, দায়িত্বশীল পরিবেশ-পর্যটন, এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালিত ম্যানগ্রোভ নার্সারি, যার চারা সরকার নিশ্চিত দামে কিনে নেবে। প্রতিটি পঞ্চায়েতে ‘নদীমিত্র’ স্বেচ্ছাসেবক দল গড়ে বাঁধ নজরদারির দায়িত্ব দেওয়া হোক।

৯. নিশ্চিত অর্থের জোগান– প্রস্তাবিত দশ বছরের রাজ্যব্যাপী ভাঙন-রোধ মিশনে (মোট আনুমানিক ৯,৩০০ কোটি টাকা) সুন্দরবন ও উপকূলের জন্য অন্তত ২,০০০ কোটি টাকা আলাদা রাখা হোক। কেন্দ্রের বিপর্যয় প্রশমন তহবিল, বিশ্বব্যাঙ্ক বা এডিবি ঋণ, গ্রিন ক্লাইমেট ফান্ড, ক্যাম্পা তহবিল এবং ম্যানগ্রোভ থেকে ‘ব্লু কার্বন’ ক্রেডিট কাজে লাগানো হোক। মোট মূলধনী ব্যয়ের ২-৩ শতাংশ প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য সংরক্ষিত থাকুক।

১০. সীমান্তের ওপারের সঙ্গে সহযোগিতা– সুন্দরবন ভারত ও বাংলাদেশের যৌথ সম্পদ। নদীর তথ্য, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও ম্যানগ্রোভ পুনরুদ্ধারের অভিজ্ঞতা বিনিময়ে দুই দেশের যৌথ মঞ্চ সক্রিয় করা হোক।

তিন ধাপে রূপায়ণ

প্রস্তাবিত পরিকল্পনা তিন ধাপে কার্যকর করা যেতে পারে। প্রথম ধাপে (২০২৭–২৮) কর্তৃপক্ষ গঠন, ভাঙন-মানচিত্র তৈরি, ক্ষতিগ্রস্ত পরিবারের নথিভুক্তি এবং ঘোড়ামারা, সাগর, মৌসুনি, গোসাবা ও পাথরপ্রতিমার সবচেয়ে বিপজ্জনক অংশে জরুরি কাজ। দ্বিতীয় ধাপে (২০২৯–৩২) ম্যানগ্রোভ-নির্ভর বাঁধ ও দ্বিতীয় সারির সুরক্ষার বড় আকারে সম্প্রসারণ। তৃতীয় ধাপে (২০৩৩–৩৬) দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, পরিকল্পিত স্থানান্তর সম্পূর্ণ করা এবং স্বাধীন মূল্যায়ন। প্রতিটি ধাপের অগ্রগতি একটি সর্বজনীন ড্যাশবোর্ডে প্রকাশ করা হোক, যাতে মানুষ জানতে পারেন কোন বাঁধে কত টাকা খরচ হল এবং কাজ কতটা টিকল।

Shadow in the Swamp: The Tiger of Sundarbans I Roundglass I Sustain

শেষ কথা

সুন্দরবন শুধু বাঘ আর ম্যানগ্রোভের অরণ্য নয়, এটি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রাকৃতিক ঢাল। প্রতিটি ঘূর্ণিঝড়ের ধাক্কা প্রথম সামলায় এই অরণ্য। এই ঢাল যদি ক্ষয়ে যায়, ক্ষতি শুধু দ্বীপবাসীর নয়, গোটা রাজ্যের। ভাঙন অনিবার্য প্রাকৃতিক নিয়তি নয়। এর অনেকটাই আগে থেকে জানা যায়, তাই পরিকল্পনা করে মোকাবিলাও করা যায়। দরকার রাজনৈতিক সদিচ্ছা, বিজ্ঞানভিত্তিক নকশা আর ভিটেহারা মানুষের প্রতি দায়বদ্ধতা।

Best Sundarbans Tours I LBB, Kolkata

মনে রাখতে হবে, প্রতি বছর বিপর্যয়ের পরে ত্রাণ ও জরুরি মেরামতে যে টাকা খরচ হয়, তার একটা বড় অংশ আগেভাগে পরিকল্পিত সুরক্ষায় খরচ করলে ক্ষতি অনেক কম হতো। ম্যানগ্রোভ একবার শিকড় গাড়লে নিজেই নিজের রক্ষণাবেক্ষণ করে, কংক্রিটের বাঁধের মতো প্রতি বছর মেরামতের প্রয়োজন হয় না। আবার একই সঙ্গে বায়ুমণ্ডল থেকে কার্বন শুষে নেয়, মাছ ও কাঁকড়ার প্রজননক্ষেত্র তৈরি করে, মধু ও জীবিকার উৎস জোগায়। অর্থাৎ সুন্দরবনে প্রকৃতি-নির্ভর সমাধান শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও লাভজনক।

পরিবেশ আদালতের নির্দেশ, নতুন সরকারের ‘স্থায়ী সমাধান’-এর অঙ্গীকার এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের সুযোগ— সব মিলিয়ে এখনই সেই মুহূর্ত। আগামী বর্ষায় ঘোড়ামারা, মৌসুনি বা গোসাবার মানুষ নিজের ভিটেয় নিশ্চিন্তে ঘুমোতে পারবেন কি না, সেটাই হবে এই পরিকল্পনার আসল জরুরি কথা।

Related Articles