রাজ্যের খবর

গর্ভেই মৃত্যু শাবকদের! বক্সার পলাতক বাঘিনিকে নিয়ে তুঙ্গে বিতর্ক, তদন্তে দিল্লি থেকে এল কেন্দ্রীয় টিম

এসওপি (SOP) কি তবে শিকেয় উঠেছিল? গর্ভবতী বাঘিনিকে স্থানান্তরের অভিযোগে কাঠগড়ায় বনদফতর

Truth of Bengal: বক্সা টাইগার রিজার্ভ থেকে বারবার বাঘিনির পালিয়ে যাওয়ার নেপথ্য রহস্য নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে যখন এই তিন বছরের বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করা হয়েছিল, সে কি তবে আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিল? আর দীর্ঘ যাতায়াত এবং বারবার ঘুমপাড়ানি গুলির জেরে কি গর্ভেই মৃত্যু হয়েছে তার শাবকদের? এই সমস্ত চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতে এবার সুদূর দিল্লি থেকে বক্সায় এসে পৌঁছেছে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ বা এনটিসিএ (NTCA)-র উচ্চপর্যায়ের একটি তদন্তকারী দল। এই দলে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)-এর বিশেষজ্ঞেরাও রয়েছেন।

সূত্রের খবর, গত ৩ নভেম্বর অসমে রাইমোনা জাতীয় উদ্যান লাগোয়া গেলাগুড়ি গ্রাম থেকে ওই বাঘিনিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় এবং সেদিন রাতেই তাকে ফের বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়। অভিযোগ উঠেছে, অসমে ঘুমপাড়ানি গুলি করার ফলেই বাঘিনির তিনটি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যদিও বক্সা টাইগার রিজার্ভের কোনও আধিকারিক এই বিষয়ে মুখ খুলতে চাননি। এমনকি বৃহস্পতিবার দিনভর ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০১৯ সালের এনটিসিএ-র স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) অনুযায়ী, গর্ভবতী, স্তনদানকারী বা ঋতুমতী কোনও বাঘিনিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম যদি লঙ্ঘিত হয়ে থাকে, তবে গোটা প্রকল্প নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। যদিও রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, তাঁর কাছে এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। দিল্লি থেকে দল এসেছে, তারা তদন্ত করছে এবং রিপোর্ট হাতে এলেই আসল সত্য সামনে আসবে। বনমন্ত্রী আরও দাবি করেছেন যে বক্সার বাঘিনি ‘ডুয়ার্স রানি’ এখন সম্পূর্ণ ভাল আছে এবং সে স্থায়ীভাবে বসবাস শুরু করলে আরও বাঘ আনার প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, বিহার থেকে বক্সা এবং পরবর্তীতে অসমে পালিয়ে যাওয়া, এই দীর্ঘ যাত্রাপথে বাঘিনিকে একাধিকবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে এবং জ্ঞান ফেরানোর জন্য অ্যান্টিডোট দিতে হয়েছে। সড়ক ও আকাশপথে এই ত্রিরাজ্যব্যাপী যাতায়াতের ধকল এবং ঘনঘন ট্রানজ়িটের ফলেই কি এই বিপত্তি? সব মিলিয়ে বক্সার বাঘিনির ভবিষ্যৎ এবং বন দফতরের ভূমিকা এখন একশো একটা প্রশ্নের মুখে। তদন্ত রিপোর্ট কী উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে ওয়াইল্ড লাইফপ্রেমী মহল।