বৈভবের পরিবর্তে ঈশানের প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তকে প্রশংসা ফ্লেমিংয়ের
চতুর্থ টি-২০-র আগে ভারতীয় দল নিজেদের পছন্দের ব্যাটিং সমন্বয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
Truth of Bengal: মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু পরের ম্যাচেই প্রথম একাদশ থেকে বাদ পড়তে হল তরুণ এই বাঁহাতি ব্যাটারকে। তাঁর জায়গায় দলে ফিরলেন চোট কাটিয়ে ওঠা ঈশান কিষান। ভারতের এই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় তৈরি হলেও এর মধ্যেই ইতিবাচক বার্তা খুঁজে পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
চতুর্থ টি-২০-র আগে ভারতীয় দল নিজেদের পছন্দের ব্যাটিং সমন্বয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঈশান কিসানকে নিয়ে সাজানো হয় প্রথম তিনটি ব্যাটিংয়ের জায়গা। এর ফলে বৈভবকে বসতে হয় রিজার্ভ বেঞ্চে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আইয়ার যে দলের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে চাইছেন, এই সিদ্ধান্তে সেই ইঙ্গিতই মিলেছে।
তবে বৈভবের বাদ পড়াকে তাঁর পারফরম্যান্সের ব্যর্থতা হিসাবে দেখতে নারাজ ফ্লেমিং। টসের পর সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঈশান চোট সারিয়ে দলে ফিরতেই তাঁকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছে। এতে দলের ক্রিকেটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছেছে। দলের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়া ক্রিকেটারদের পাশে থাকবে দল পরিচালন সমিতি।
ফ্লেমিংয়ের মতে, ক্রিকেটে সাফল্য পেতে হলে ক্রিকেটারদের নির্ভয়ে খেলতে দিতে হবে। প্রতিটি বল খেলার সময় যদি কেউ নিজের জায়গা হারানোর আশঙ্কায় ভোগেন, তা হলে তাঁর স্বাভাবিক দক্ষতার প্রকাশ বাধা পেতে পারে। বিশেষ করে টি-২০-র মতো দ্রুতগতির ক্রিকেটে ঝুঁকি নেওয়ার মানসিকতা অত্যন্ত জরুরি। তাই ক্রিকেটারদের নিরাপত্তার অনুভূতি দেওয়া দলের দায়িত্ব।
বৈভবের পাশাপাশি ম্যাচে বাদ পড়েছিলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও। চার বছর পর জাতীয় দলে ফিরে প্রথম তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু তিন ম্যাচে ১৩৯ রান দিয়ে মাত্র একটি উইকেট পাওয়ায় চতুর্থ ম্যাচে জায়গা হারান। তাঁর পরিবর্তে দলে আসেন মায়াঙ্ক যাদব।
ভুবনেশ্বরের ক্ষেত্রে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সুযোগ কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বৈভবের বয়স এবং প্রতিভার কথা মাথায় রেখে তাঁর সামনে আরও অনেক সুযোগ আসবে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।






