কলকাতা

ফের বাংলায় প্রধানমন্ত্রী, অরেঞ্জ লাইন মেট্রো উদ্বোধনের সম্ভাবনা

এই সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের উদ্বোধন।

Truth of Bengal: চলতি মাসেই ফের কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২১ নভেম্বর, শনিবার একদিনের সফরে শহরে আসার কথা তাঁর। সূত্রের খবর, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের।

এই সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের উদ্বোধন। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। চিংড়িঘাটার কাছে জমিজটের কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এই প্রকল্পের কাজ। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই জট কাটিয়ে দ্রুত কাজ শেষের উদ্যোগ নেওয়া হয়। সব ঠিক থাকলে ২১ নভেম্বর এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এমনকী, নিজেও মেট্রোয় সফর করতে পারেন তিনি।

অরেঞ্জ লাইন চালু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অনেকটাই সহজ হবে। পাশাপাশি, এই সফরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও বসতে পারেন মোদি। যদিও সেই বৈঠক এখনও চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজ্য বিজেপি।

উল্লেখ্য, গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে। এর আগে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রায় পাঁচ মাস পর ফের বাংলায় আসছেন মোদি। এবারের সফরে মেট্রো উদ্বোধনই তাঁর অন্যতম প্রধান কর্মসূচি হতে পারে।

Related Articles