কলকাতা

ছটপুজোয় বাগবাজার ঘাটে প্রবেশ বন্ধ! পুণ্যার্থীদের জন্য বিকল্প ঘাটের ঘোষণা পুলিশের

শুক্রবার কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে

Truth of Bengal: ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। এবছর বন্ধ রাখা হচ্ছে উত্তর কলকাতার বাগবাজার মায়ের ঘাট। পরিবর্তে বিকল্প ঘাট হিসেবে কাশী মিত্র ঘাট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী পুজোর পরিকল্পনা করার জন্য পুণ্যার্থীদের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

আগামী ১৫ নভেম্বর, রবিবার ছটপুজো। ইতিমধ্যেই উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন ঘাটে প্রস্তুতি শুরু হয়েছে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, মায়ের ঘাট বন্ধ থাকলেও পুণ্যার্থীরা কাশী মিত্র ঘাটে পুজোর আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। এছাড়া বিকল্প হিসেবে কুমারটুলি, চাঁপাতলা এবং বাগবাজার ঘাটের মতো আশপাশের ঘাটগুলিও ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম ছটপুজো। অন্যদিকে, সাম্প্রতিক চোরবাগান কাণ্ডের পর উৎসবের ভিড় সামলানো এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন। তাই ঘাটগুলিতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মহিলাদের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং পানীয় জলের বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলার জন্য নদীতে নৌকাও মোতায়েন রাখা হচ্ছে।

সব মিলিয়ে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। তবে বাগবাজার মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে পুণ্যার্থীদের আগেভাগেই বিকল্প ঘাট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles