রাজ্যের খবর

পর্যটক টানতে সিকিমের পথে দার্জিলিং! নভেম্বরের শেষ থেকেই পাহাড়জুড়ে উৎসবের মরশুম

পাশাপাশি থাকছে কার্নিভাল, বড়দিন এবং ইংরেজি নববর্ষের উদযাপন

Truth of Bengal: শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়াতে এবার উৎসবের ডালি সাজাচ্ছে দার্জিলিং। পর্যটন মানচিত্রে সিকিমের সঙ্গে পাল্লা দিতে নভেম্বরের শেষ থেকেই পাহাড়জুড়ে শুরু হচ্ছে একের পর এক বর্ণময় আয়োজন। কোথাও ঐতিহ্যবাহী টয়ট্রেনকে ঘিরে উৎসব, কোথাও চলচ্চিত্র ও সাহিত্য অনুষ্ঠান, আবার কোথাও পাখি দেখার বিশেষ আয়োজন। এর পাশাপাশি থাকছে কার্নিভাল, বড়দিন এবং ইংরেজি নববর্ষের উদযাপন। ডিসেম্বরের উৎসবের আসরে প্রাক্তন ক্রিকেটার তথা পাখিপ্রেমী অনিল কুম্বলেও যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। পর্যটন ব্যবসায়ীদের মতে, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় অনেক পর্যটকই পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে চলেন। সেই ধারণা বদলাতেই এবার নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত একাধিক উৎসবের আয়োজন করা হচ্ছে। ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে দশ দিনের ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল-২০২৬’। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তিকে এক মঞ্চে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

উৎসবের সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত বিশেষ টয়ট্রেন যাত্রার আয়োজন করা হয়েছে। পরের দিন, অর্থাৎ ২ ডিসেম্বর ঘুম ওপেন এয়ার মিউজিয়ামে অনুষ্ঠিত হবে ‘দার্জিলিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ৩ ডিসেম্বর চলন্ত টয়ট্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক বিশেষ উদ্ভাবনী কর্মসূচি থাকবে। ৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছে সাহিত্য উৎসবের। ৫ ডিসেম্বর কার্শিয়াংয়ে অনুষ্ঠিত হবে হেরিটেজ রান। আর ৬ ডিসেম্বর দার্জিলিংয়ের চৌরাস্তায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের উৎসব। শুধু টয়ট্রেন বা সংস্কৃতিই নয়, পাহাড়ের চা-শিল্প ও স্থানীয় লোকশিল্পকেও পর্যটকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। চা ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘দার্জিলিং মেলো টি ফেস্টিভ্যাল’। পাহাড়ের বিখ্যাত চায়ের স্বাদ, স্থানীয় কৃষ্টি ও শিল্পকলার পাশাপাশি এই উৎসবে জনপ্রিয় সংগীত ব্যান্ডগুলির প্রতিযোগিতাও আকর্ষণের কেন্দ্র হতে চলেছে।

এদিকে, পর্যটকদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে পাখি দেখার উৎসব। স্থানীয় পর্যটন সংগঠনগুলির উদ্যোগে ৯ থেকে ১৩ ডিসেম্বর, টানা পাঁচ দিন ধরে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। রংটং, সিটং এবং নেওড়া উপত্যকার মতো এলাকায় বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখির দেখা মেলে। হর্নবিল-সহ নানা বিরল ও আকর্ষণীয় পাখি দেখতে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমতে পারে। এই উৎসবে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। ক্রিকেটের পাশাপাশি বন্যপ্রাণ ও পাখি সংরক্ষণে তাঁর আগ্রহের কথা মাথায় রেখেই তাঁকে ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। শীতের পর্যটনকে কেন্দ্র করে পাহাড়ের এই উৎসব আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের নর্থ বেঙ্গল পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যালের কথায়, এখন শীতকালেও বহু পর্যটক পাহাড়ে বেড়াতে আসেন। এই সময় একাধিক উৎসবের আয়োজন হলে দার্জিলিংয়ের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।

Related Articles