কলকাতা

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগে নয়া উদ্যোগ! বাংলায় চালু ‘পুলিশ মিত্র’ অ্যাপ

শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। একইসঙ্গে পুলিশের আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) মধ্যে একটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কীভাবে কাজ করবে এই ‘পুলিশ মিত্র’ অ্যাপ? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ করতেই এই ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে। কোন পুলিশ আধিকারিক কোন এলাকায় দায়িত্বে রয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় কারা বিট অফিসার হিসেবে কর্মরত, সেই সমস্ত তথ্য অ্যাপের মাধ্যমে জানতে পারবেন নাগরিকরা। অর্থাৎ, নিজেদের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজেই হাতের নাগালে পাবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে পুলিশের সঙ্গে নাগরিকদের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে।

রাজ্যে পালাবদলের পর থেকেই পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের কথা বলে আসছে বিজেপি সরকার। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া, নতুন গাড়ির ব্যবস্থা করা এবং পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি কর্মী নিয়োগের উপরেও জোর দেওয়া হচ্ছে। এদিন ফের পুলিশকর্মীর ঘাটতির বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কাজের পরিধি ও দায়িত্ব ক্রমশ বাড়লেও প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনার যথাযথ বাস্তবায়নও জরুরি। এই কাজে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছেন। এদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে বর্তমান সরকার কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায় রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গও। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে। পুলিশের আধুনিকীকরণ থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহার, কর্মীসংখ্যা বৃদ্ধি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয়—সব ক্ষেত্রেই একাধিক পরিকল্পনার কথা এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সরকারের নেওয়া পদক্ষেপগুলির ফলাফল দেখতে রাজ্য সরকারকে আরও তিন মাস সময় দেওয়ার আবেদনও জানান শুভেন্দু অধিকারী। এবার ‘পুলিশ মিত্র’ অ্যাপ সাধারণ মানুষের কাছে কতটা কার্যকর হয়ে ওঠে, সেদিকেই নজর।

Related Articles