যুব অলিম্পিকে নতুন ইতিহাস, বিচ রেসলিংয়ে রুপো জিতে নজির তানিয়ার
ডাকারের যুব অলিম্পিকে এই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে বিচ রেসলিং।
Truth of Bengal: সোনা জিততে না পারলেও ইতিহাস গড়লেন ভারতের তরুণ কুস্তিগির তানিয়া। যুব অলিম্পিকের বিচ রেসলিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন তিনি। শনিবার মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের মিন ঝাওয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে রুপো জেতেন তানিয়া।
ডাকারের যুব অলিম্পিকে এই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে বিচ রেসলিং। আর প্রথম আসরেই পদক জিতে নজির গড়লেন ভারতীয় কুস্তিগির। ফাইনালে ওঠার আগে গ্রুপ পর্বে জার্মানি, গ্রিস ও এস্তোনিয়ার প্রতিপক্ষদের হারিয়ে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। সেমিফাইনালে আমেরিকার মাতিল্ডা অ্যান হ্রুবিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তানিয়া।
তবে ফাইনালে চিনের মিন ঝাওয়ের কাছে হারতে হয় তাঁকে। এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ফ্রিস্টাইলের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তানিয়া। এবার যুব অলিম্পিকে বিচ রেসলিংয়ে রুপো জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার আরও একবার প্রমাণ দিলেন তিনি।
তানিয়ার এই পদকের ফলে যুব অলিম্পিকে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এর মধ্যে রয়েছে ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। জুডো, ব্যাডমিন্টন, সাঁতার ও উশুতে পদক জয়ের পর এবার বিচ রেসলিংয়েও ভারতের পদক এল। সোনা অধরা থাকলেও নতুন এই খেলায় তানিয়ার ঐতিহাসিক সাফল্য ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজির হয়ে থাকল।


