মুখ্যমন্ত্রীর কলার টিউনে ছটের গান! জগদ্দলের মঞ্চে ফাঁস হল বিশেষ রহস্য
প্রিয় শিল্পীর গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন জগদ্দলের বাসিন্দারা
Truth of Bengal: জগদ্দলে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হলেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানের মাঝেই বেজে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন। ফোনটি মাইক্রোফোনের সামনে ধরতেই শোনা গেল প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার কণ্ঠে জনপ্রিয় ছটের গান ‘ছটি মাইয়া আই না দুয়ারিয়া’। প্রিয় শিল্পীর গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন জগদ্দলের বাসিন্দারা। জানা যায়, এই গানটিই নিজের ফোনের কলার টিউন হিসেবে রেখেছেন মুখ্যমন্ত্রী।শুক্রবার জগদ্দলের জিলেপি মাঠে আয়োজিত ছটপুজোর অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং-সহ একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ভোজপুরী গায়ক অরবিন্দ আকেলা কাল্লুর গানের ফাঁকেই উঠে আসে প্রসঙ্গটি। মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলা হলে তিনি নিজের মোবাইলটি মাইক্রোফোনের সামনে ধরেন। তখনই বেজে ওঠে শারদা সিনহার সেই গান। পরে শুভেন্দু নিজেই জানান, শিল্পীর প্রয়াণের দিনেই তাঁর গাওয়া গানটি কলার টিউন হিসেবে সেট করেছিলেন। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে শুধু ছটপুজো নয়, রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বীজপুর থেকে টিটাগড় পর্যন্ত বসবাসকারী পূর্বাঞ্চলীয় মানুষদের উদ্দেশে প্রচারে নামার আহ্বান জানান তিনি। বিহার নির্বাচনে যেভাবে তাঁরা আত্মীয়দের বাড়িতে গিয়ে প্রচারে অংশ নিয়েছিলেন, একইভাবে উত্তরপ্রদেশেও যাওয়ার ডাক দেন শুভেন্দু। তাঁর কথায়, “বিহার নির্বাচনে আপনারা যেভাবে আত্মীয়দের বাড়ি গিয়ে কাজ করেছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনেও গিয়ে ওদের উপযুক্ত শিক্ষা দেবেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা-মাকে নিয়ে যাঁরা অপমানজনক মন্তব্য করেছেন, ভোটের মাধ্যমে তাঁদের জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। ছটপুজোর আগে ব্রতীদের হাতে পুজোর সামগ্রী ও উপহার তুলে দিতেই এদিন জগদ্দলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছট উপলক্ষে রাজ্যে এটি ছিল তাঁর তৃতীয় কর্মসূচি। পাশাপাশি ছটের দিন নিজে গঙ্গার ঘাটে উপস্থিত থেকে ব্রতীদের স্বাগত জানাবেন বলেও ঘোষণা করেন তিনি।
রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে ছটপুজো সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রতিটি জেলায় মন্ত্রী ও বিধায়কদের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, পুরসভা এবং পঞ্চায়েতের মধ্যে সমন্বয় রেখেই পুজোর আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।






