রাজনীতিমুক্ত ময়দানের বার্তার মাঝেই সিএবির নতুন কমিটিতে একঝাঁক বিজেপি বিধায়ক ও নেতা!
ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করার ঘোষণা, তবুও সিএবির কমিটিতে একঝাঁক বিজেপি বিধায়ক ও নেতা! শুরু নয়া বিতর্ক
Truth of Bengal: রাজ্যে সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বারবার বার্তা দিয়েছেন যে বাংলার ক্রীড়াক্ষেত্রকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে হবে। কিন্তু সেই ঘোষণার মাঝেই বঙ্গ ক্রিকেট সংস্থা বা সিএবি (CAB)-র নতুন কমিটিতে জায়গা করে নিলেন বিজেপির একঝাঁক বিধায়ক ও শীর্ষ নেতা। বৃহস্পতিবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনুমোদনের পর বিভিন্ন কমিটির নতুন সদস্যদের নাম প্রকাশ্যে আসতেই ময়দানের অন্দরে এবং রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
মাসদেড়েক আগে সিএবির বার্ষিক সাধারণ সভায় (AGM) বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বিজেপির একাধিক নেতা ও বিধায়ককে। তখন থেকেই ক্রীড়ামহলে গুঞ্জন চলছিল যে, আসন্ন কমিটিগুলিতে তাঁদের অন্তর্ভুক্ত করা হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় সেই জল্পনাই সত্যি হল।
নতুন তালিকা অনুযায়ী, বরানগরের বিধায়ক সজল ঘোষকে রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটিতে। বিধায়ক রীতেশ তিওয়ারি জায়গা পেয়েছেন ফিনান্স কমিটিতে। এছাড়া উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে রাখা হয়েছে গ্রাউন্ড কমিটিতে। অন্যদিকে, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য স্থান পেয়েছেন স্কুল কমিটিতে। পাশাপাশি, অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনী ডালমিয়া জায়গা পেয়েছেন স্টেডিয়াম কমিটিতে। তবে উল্লেখযোগ্যভাবে, এই নেতাদের কাউকেই কোনও কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, এর আগে এজিএমে যোগ দেওয়ার পর রাজনীতিমুক্ত ময়দান নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন সজল ঘোষ। সে সময় স্ট্রেট ব্যাটে জবাব দিয়ে তিনি বলেছিলেন, “দেখুন, আমার এলাকার ক্লাব আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। কাল যদি আমাকে বলেন, তাহলে আমি ছেড়েও দিতে পারি। সবসময় রাজনীতিবিদরাই কেন সফট টার্গেট? ক্লাব যদি মনে করে বিধায়ককে পাঠালে ক্রিকেটের উন্নতি হবে, সেটার নিশ্চয়ই কোনও কারণ রয়েছে।”
দলের তরফে ক্রীড়া প্রশাসনে বিধায়ক-নেতাদের না থাকার ইঙ্গিত দেওয়া সত্ত্বেও কীভাবে সিএবির একাধিক কমিটিতে শাসকদলের নেতারা জায়গা পেলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।






