২৫ বছরের দীর্ঘ খরা কাটালেন হ্যারি কেন! এমবাপেকে হারিয়ে জিতলেন ব্যালন ডি’অর
৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩ গোল! প্যারিসের মায়াবী রাতে জোড়া ট্রফি ঝুলিতে পুরলেন ইংরেজ আইকন
Truth of Bengal: ক্লাব ফুটবল হোক কিংবা জাতীয় দলের জার্সি, সব জায়গাতেই গত মরশুমে তাঁর পা থেকে ঝরে পড়েছে নিখাদ সোনা। আর সেই অবিশ্বাস্য ও ধারাবাহিক পারফরম্যান্সের আন্তর্জাতিক স্বীকৃতি অবশেষে পেয়ে গেলেন হ্যারি কেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ব্যালন ডি’অর’ জয় করলেন এই প্রখ্যাত ইংরেজ স্ট্রাইকার। ২৫ দীর্ঘ বছরের খরা কাটিয়ে প্রথম কোনও ইংরেজ ফুটবলারের হাতে উঠল বর্ষসেরার এই সর্বোচ্চ সম্মান। বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও শেষ মুহূর্তে কেনের এই ম্যাজিকের কাছে পরাস্ত হতে হলো ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে।
বায়ার্ন মিউনিখের গোলমেশিন হ্যারি কেন গত মরশুমে ক্লাবের হয়ে বুন্দেশলিগা-সহ জোড়া গুরুত্বপূর্ণ ট্রফি ঝুলিতে পুরেছেন। পাশাপাশি, সদ্য সমাপ্ত বিশ্বকাপে তাঁরই অধিনায়কত্বে ইংল্যান্ড দল বিশ্বমঞ্চে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় এবং শেষপর্যন্ত ব্রোঞ্জ পদক জিতে মেগা টুর্নামেন্ট শেষ করেন জুড বেলিংহ্যামরা। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক মঞ্চে এটাই ইংল্যান্ডের ইতিহাসের সেরা সাফল্য। পরিসংখ্যান বলছে, গত মরশুমে ৬৫টি ম্যাচ খেলে হ্যারি কেনের পা থেকে এসেছে অবিশ্বাস্য ৭৩টি গোল এবং সঙ্গে ৮টি অ্যাসিস্ট। আর এই রাজকীয় পারফরম্যান্সেরই যোগ্য পুরস্কার হিসেবে তাঁর ব্যক্তিগত ট্রফি ক্যাবিনেটে যুক্ত হলো প্রথম ব্যালন ডি’অর।
প্যারিসের এই মায়াবী রাতে স্রেফ ব্যালন ডি’অর নয়, সেরা গোলদাতার জন্য বরাদ্দ মর্যাদাপূর্ণ ‘গার্ড মুলার’ পুরস্কারও হাতে তুলে নিয়েছেন হ্যারি কেন। জোড়া সম্মান পেয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এই ইংরেজ তারকা। তিনি বলেন, “এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার লড়াইয়ে আমার পাশাপাশি আরও অনেকে ছিলেন, যাঁরা প্রত্যেকেই অসাধারণ ফুটবল খেলেছেন। তাঁদের মধ্য থেকে আমাকে বিজয়ী হিসেবে বেছে নেওয়ার জন্য ও ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।” উল্লেখ্য, ষষ্ঠ ব্রিটিশ ফুটবলার হিসেবে এই ঐতিহাসিক সম্মান অর্জন করলেন কেন।
যদিও সরকারিভাবে কোনও ফুটবলার কত ভোট পেয়েছেন তা জানা যায়নি, তবে সূত্রের খবর অত্যন্ত অল্প ব্যবধানে এমবাপেকে পেছনে ফেলেছেন হ্যারি। তালিকায় ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন স্প্যানিশ বিস্ময় লামিনে ইয়ামাল, রড্রি এবং মহাতারকা লিওনেল মেসি। গতবারের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে সপ্তম স্থানে শেষ করেছেন এবং নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড রয়েছেন অষ্টম স্থানে।






