রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে সন্দেহজনক গাড়ি, আর্থ মুভার এনে সরাল পুলিশ

প্রশাসন সূত্রে দাবি, সভাস্থলের কাছেই দীর্ঘক্ষণ ধরে পার্ক করা ছিল গাড়িটি

রাকেশ চক্রবর্তী, হুগলি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরকে ঘিরে শুক্রবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হুগলির চন্দননগর। মেরি মাঠে মুখ্যমন্ত্রীর বিশেষ সভাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ। এরই মধ্যে সভাস্থলের অদূরে একটি বন্ধ চারচাকা গাড়িকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য।

প্রশাসন সূত্রে দাবি, সভাস্থলের কাছেই দীর্ঘক্ষণ ধরে পার্ক করা ছিল গাড়িটি। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের তরফে বারবার মাইকিং করে গাড়িটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু একাধিকবার সতর্ক করা সত্ত্বেও গাড়িটি সরানো হয়নি বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর ট্র্যাফিক গার্ডের সহযোগিতায় ঘটনাস্থলে আনা হয় একটি আর্থ মুভার মেশিন। সেই মেশিনের সাহায্যেই শেষ পর্যন্ত গাড়িটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে সভাস্থল সংলগ্ন এলাকায় কিছুক্ষণের জন্য নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক রাখতে নারাজ প্রশাসন। সেই কারণেই সন্দেহজনক অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকা গাড়িটি সরাতে এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রশাসনের বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িই আরও একবার সামনে এল।

Related Articles