যুদ্ধের আবহে তীব্র জ্বালানি সংকট, শুক্রে মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাক মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যা ৬টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন।
Truth of Bengal: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এক মাস ধরে অব্যাহত থাকায় ইরান-ইজরায়েলের সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। দেশে এখনও জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ঘাটতি পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যা ৬টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন।
তবে বাংলা-সহ ভোটমুখী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরাসরি এই বৈঠকে যোগ দেবেন না। তাদের পরিবর্তে মুখ্যসচিবরা যোগ দেবেন। সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করতে পারেন। তৃণমূল ইতিমধ্যেই সংসদে কেন্দ্রের প্রতি বিবৃতি চেয়েছে, তাদের দাবি, কোনও রুদ্ধদ্বার বৈঠকে রাজি নন তারা।
চলতি সপ্তাহের শুরুতেই সংসদে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দেশজুড়ে এখনও তেল ও গ্যাসের অভাব তীব্র নয়। তবু সতর্কতার অংশ হিসেবে কেন্দ্র জ্বালানি সংকট এড়াতে ইথানল উৎপাদনে জোর দিচ্ছে। বাস্তবে ঘরে ঘরে এলপিজি সরবরাহ এখনও নিয়মিত হচ্ছে না, এবং ২৫ দিনের আগে বুকিংও সম্ভব নয়। এই অবস্থায় রাজ্যে রাজ্যে গ্যাস ও তেলের মজুত কেমন, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী এই জরুরি বৈঠক ডেকেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভোটমুখী রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রীদের সরাসরি অংশগ্রহণ না করা রাজনৈতিক কারণে সচেতনতা দেখাচ্ছে। অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি ও বাংলা-এপ্রিলে বিধানসভা ভোট। এই রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি জারি থাকায় মুখ্যসচিবরা বৈঠকে যোগ দেবেন, যদিও নতুন দায়িত্বপ্রাপ্ত কেউ অংশ নেবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।






