দেশ

ইরান যুদ্ধের আবহে পাঁচ দেশ সফরে মোদি!

শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Truth of Bengal: ইরান যুদ্ধের জেরে ক্রমবর্ধমান জ্বালানি সংকট এবং বিশ্বজুড়ে ভেঙে পড়া পণ্য সরবরাহ শৃঙ্খলার আবহে পাঁচ দেশের সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিরশাহী সফর শেষ করে তিনি ইউরোপের চার দেশ—নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালি সফর করবেন। কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে এই সফর ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্রবারই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালের পর থেকে এই নিয়ে সপ্তমবার সংযুক্ত আরব আমিরশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারত সফর করেছেন আমিরশাহীর প্রেসিডেন্ট। চলতি বছরের জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন মহম্মদ বিন জায়ের। সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার। ফলে বাড়তে থাকা তেল ও গ্যাস সংকট নিয়ে মোদি প্রেসিডেন্ট আল নাহয়ানের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই সফরে এলপিজি এবং পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত দু’টি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে যাতে ভারতে জ্বালানি সরবরাহে ছেদ না পড়ে, সেই লক্ষ্যেই এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, জ্বালানির দাম বৃদ্ধি ও যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় মোদির এই বিদেশ সফর কেবল কূটনৈতিক নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা এবং বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই সফরের মাধ্যমে আদৌ কি জ্বালানি বাজারে স্বস্তি ফিরবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে?

Related Articles