দেশ

দিল্লির দূষণে ফের উদ্বেগ! এক ধাক্কায় ৪০০ পার AQI, বিষাক্ত বাতাসে ঢাকছে রাজধানী

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, এ দিন দিল্লির সামগ্রিক AQI ৪০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে

Truth of Bengal: দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হচ্ছে না। কখনও দূষণের মাত্রা সামান্য কমলেও পরের দিনই ফের বাড়ছে দূষণের দাপট। দীপাবলির আগে থেকেই রাজধানীর বাতাসের গুণমানের সূচক বা AQI-তে এই ওঠানামা অব্যাহত। এবার শুক্রবার সকালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, এ দিন দিল্লির সামগ্রিক AQI ৪০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। অথচ বৃহস্পতিবার এই সূচক ছিল ৩৫০। দূষণের নিরিখে দিল্লির একাধিক এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। CPCB-র নির্ধারিত সূচক অনুযায়ী, AQI ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের গুণমান ‘ভাল’, ৫১ থেকে ১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’ বলে বিবেচিত হয়। অন্যদিকে, AQI ৪০১ থেকে ৫০০-র মধ্যে পৌঁছলে সেই পরিস্থিতিকে ‘মারাত্মক’ হিসেবে চিহ্নিত করা হয়।

শুক্রবার সকালে দিল্লির আইটিও মোড়ে AQI পৌঁছে যায় ৪৫৫-তে। এছাড়া এইমস, আনন্দ বিহার, অক্ষরধাম এবং রজোকরি সীমান্ত সংলগ্ন এলাকাতেও দূষণের সূচক ৪০০-র উপরে রয়েছে। রাজধানীর ৫৮টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২১টিতেই বাতাসের গুণমান ‘মারাত্মক’ পর্যায়ে পৌঁছেছে। বাকি কেন্দ্রগুলির অধিকাংশ জায়গাতেও পরিস্থিতি ‘খারাপ’ থেকে ‘খুব খারাপ’ স্তরে রয়েছে। দিল্লির দূষণের অন্যতম কারণ হিসেবে প্রতিবেশী রাজ্যগুলিতে ফসলের গোড়া পোড়ানোর বিষয়টি বারবার উঠে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে পঞ্জাব ও হরিয়ানায় এই প্রবণতা কিছুটা কমলেও রাজধানীর দূষণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে দূষণের পিছনে অন্য কী কী কারণ কাজ করছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, নাসার উপগ্রহচিত্রে ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পঞ্জাব ও হরিয়ানায় মোট ৪,১০৭টি ফসলের গোড়া পোড়ানোর ঘটনা ধরা পড়েছে। এর মধ্যে পঞ্জাবে ৩,৭২৯টি এবং হরিয়ানায় ৩৭৮টি ঘটনা ঘটেছে। তবে শুধু ১২ নভেম্বর দুই রাজ্য মিলিয়ে এই ধরনের ঘটনার সংখ্যা ছিল ৯৬। এদিকে, দূষণের পাশাপাশি দিল্লিতে বাড়ছে ধোঁয়াশার দাপটও। প্রতিদিন সকালেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা ঢেকে যাচ্ছে ধোঁয়াশার ঘন চাদরে। কোথাও কোথাও দৃশ্যমানতা এতটাই কমে যাচ্ছে যে স্বাভাবিক যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের পরেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হওয়ায় রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Related Articles