কাশ্মীরে ফের রক্তাক্ত অধ্যায়! ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ
মাথা ও পিঠে গুলির চিহ্ন, উধাও সার্ভিস রাইফেল! কিস্তওয়ারের জঙ্গলে দুই এসওজি জওয়ানকে নৃশংসভাবে খুন করল জঙ্গিরা
Truth of Bengal: উপত্যকায় ফের রক্তাক্ত অধ্যায়! বুধবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর, ২৪ ঘণ্টা কাটার আগেই জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলা থেকে উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ নিথর দেহ। নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে জঙ্গি হামলার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। পরপর দু’দিন উপত্যকায় জঙ্গি হানার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা দু’জনেই জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন এবং কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে তাঁরা কিয়ার ক্যাম্প থেকে ধেরনা-মারওয়াহ এলাকায় অবস্থিত সেনার একটি পোস্টের দিকে যাচ্ছিলেন। সেই সময় মারওয়া অঞ্চলের জঙ্গলঘেরা দেহারণা এলাকায় আচমকাই গুলির শব্দ শোনা যায়। এর পর থেকেই ওই দুই পুলিশকর্মীর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সূত্রের খবর, গুলির শব্দ পাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত ওই দুই এসপিও-র মোবাইল ফোনগুলি সচল ছিল, কিন্তু পরক্ষণেই ফোন দু’টি বন্ধ হয়ে যায়। এরপরই চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে বাহিনীর অন্দরে এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার সকালে যে স্থান থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, তার প্রায় ২ কিলোমিটার দূরে ‘ধেরনা টপ’ এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। দু’জনের মাথায় ও পিঠে একাধিক গুলির চিহ্ন রয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, ঘটনাস্থল থেকে তাঁদের সার্ভিস অস্ত্রগুলির কোনও হদিশ মেলেনি। তদন্তকারীদের অনুমান, জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁদের হত্যা করে অস্ত্রশস্ত্র লুট করে পালিয়েছে। ইতিমধ্যেই গোটা উপত্যকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা ও পুলিশ।
উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে মিরবাজারের কাছে সিআরপিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসবাদীরা। দুপুর ২টো নাগাদ বাইকে চেপে এসে নাকা চেকিংয়ের সময় এলোপাথাড়ি গুলি চালায় দুই জঙ্গি। সেই ঘটনায় পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চাঁদু সহ মোট ৩ জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়ে অনন্তনাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি বড় নাশকতার ঘটনায় উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।






