দেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এক্স-সহ বিভিন্ন প্ল্যাটফর্মকে নোটিস দিল দিল্লি পুলিশ

অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করার পাশাপাশি এক্স-সহ একাধিক সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এবং কয়েকটি নিউজ পোর্টালকে নোটিস পাঠানো হয়েছে।

Truth of Bengal: নিট বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করার পাশাপাশি এক্স-সহ একাধিক সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এবং কয়েকটি নিউজ পোর্টালকে নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পোস্টগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে একাধিক অসম্মানজনক ও আপত্তিকর পোস্ট এবং ভিডিও এখনও বিভিন্ন সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। এক্স-কে পাঠানো নোটিসে সংশ্লিষ্ট পোস্টগুলি দ্রুত সরানোর পাশাপাশি যেসব অ্যাকাউন্ট থেকে ওই পোস্টগুলি করা হয়েছে, তাদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের নাম, ঠিকানা, লগ-ইন ও লগ-আউট সংক্রান্ত তথ্যও চেয়েছে পুলিশ। তবে কতগুলি এক্স অ্যাকাউন্টকে এই নোটিসের আওতায় আনা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে থাকা পোস্ট, ভিডিও ও মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

এর আগেও নিট বিক্ষোভকে ঘিরে দিল্লি পুলিশ জানিয়েছিল, প্রায় ৪০০টি সমাজমাধ্যম হ্যান্ডল চিহ্নিত করা হয়েছে, যেগুলির উৎস পাকিস্তান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, ওই হ্যান্ডলগুলি থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছিল।

এছাড়া, সম্প্রতি যন্তর মন্তরে বিক্ষোভ এবং ২০ জুলাইয়ের সংসদ চলোকর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর পোস্ট দ্রুত সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও এ ধরনের পোস্ট শনাক্ত করার কাজ চলছে। চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে তা অপসারণের নির্দেশ দেওয়া হচ্ছে।

Related Articles