বুলডোজার অ্যাকশনে সাময়িক স্বস্তি! জাহাঙ্গিরের প্রাসাদ ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
সরকারি জমি দখল করে প্রাসাদোপম বাড়ি! বুলডোজার চলতেই হাইকোর্টের দ্বারস্থ অভিষেক ঘনিষ্ঠ নেতা, সোমবার পর্যন্ত বন্ধ ভাঙার কাজ!
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ফলতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার সিদ্ধান্তে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের বুলডোজার অ্যাকশনের বিরোধিতা করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বর্তমানে জেলবন্দি এই নেতা। শুক্রবার মামলার প্রাথমিক শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং ততদিন পর্যন্ত ওই বাড়ি ভাঙার কোনও কাজ করা যাবে না।
এদিন শুনানির সময় রাজ্যের ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন বিচারপতি শুভ্রা ঘোষ। রাজ্য সরকারের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “মামলাকারী জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তাহলে প্রশাসন কীভাবে নিশ্চিত হয়ে চিহ্নিত করল যে ওই বাড়িটি জাহাঙ্গিরেরই? বাড়ি ভাঙার আগে কি যথাযথ নিয়ম মেনে কোনও নোটিস দেওয়া হয়েছিল?”
জবাবে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, স্থানীয় দু’জন ব্যক্তি বাড়িটি জাহাঙ্গিরের বলে চিহ্নিত করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ডাকযোগে নোটিস পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। যদিও জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্ত আদালতে পাল্টা দাবি করেন, তাঁর মক্কেল নথিতে এই বাড়িটির উল্লেখ করলেও তিনি আদতে অন্য একটি বাড়িতে বসবাস করতেন।
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গির খানই ছিলেন শেষ কথা। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফলতা কেন্দ্র থেকে প্রার্থীও করেছিলেন। কিন্তু ভোট প্রক্রিয়ায় একাধিক গুরুতর অসঙ্গতি সামনে আসায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করে। তবে তাৎপর্যপূর্ণভাবে নতুন ভোটের আগেই ময়দান ছেড়ে পালান জাহাঙ্গির। পরবর্তীতে জেপি নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
প্রশাসনের অভিযোগ, সরকারি জমি বেআইনিভাবে দখল করে ওই বাড়িটি নির্মাণ করেছিলেন জাহাঙ্গির। সাত দিনের মধ্যে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়ে প্রশাসন নোটিস দিলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় বুলডোজার দিয়ে তা ভাঙার কাজ শুরু হয়। সেই পদক্ষেপ আটকাতেই হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির, যেখানে আপাতত সোমবার পর্যন্ত স্বস্তি পেলেন তিনি।





