আন্তর্জাতিক

মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট গিফট মোদির, ইটালিতে দুই রাষ্ট্রপ্রধানের খুনসুটিতে মজে নেটপাড়া

মোদি ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে পার্লের তৈরি জনপ্রিয় ‘মেলোডি’ চকোলেট উপহার দিচ্ছেন

Truth of Bengal: পাঁচ দেশ সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছানোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতিমধ্যেই দুই রাষ্ট্রনেতার একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। এরই মাঝে এবার দু’জনের একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদি ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে পার্লের তৈরি জনপ্রিয় ‘মেলোডি’ চকোলেট উপহার দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জর্জিয়া মেলোনির পারস্পরিক সুসম্পর্ক ও বোঝাপড়া আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় বরাবরই চর্চার বিষয়। এর আগেও ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। সমাজমাধ্যমে তাঁদের এই যুগলবন্দি নেটিজেনদের কাছে ‘মেলোডি’ (Melodi) নামে বেশ জনপ্রিয়। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে দু’জনকে একসঙ্গে নিজস্বী তুলতে দেখা যায়। এর পাশাপাশি সমাজমাধ্যমে সেই ‘মেলোডি’ মুহূর্তের ছবি পোস্ট করে মেলোনি লিখেছেন— রোমে স্বাগত, আমার বন্ধু!

মোদির এই চকোলেট উপহার দেওয়ার ভিডিওটি বর্তমানে সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং এটি বহুবার শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইটালির প্রধানমন্ত্রী বেশ আনন্দের সঙ্গে বলছেন যে, প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন, এটি খুবই ভালো একটি চকোলেট— মেলোডি। মেলোনির এই মন্তব্যের পর দুই রাষ্ট্রনেতাকেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। এই ভিডিওটি দেখে নেটিজেনরাও বেশ আমোদ পেয়েছেন এবং অনেকেই মন্তব্য করেছেন— মুহূর্তটি সত্যিই বেশ চকোলেটি।

এর আগে গত মঙ্গলবার ইটালির মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী অ্যান্টনিও তাজানি। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদি। পাশাপাশি ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাট্টারেলার সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ককে কীভাবে আরও মজবুত এবং গতিশীল করা যায়, তা নিয়েই এই হাই-প্রোফাইল বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

Related Articles