মোমো সংস্থার মালিককে কেন আড়াল করা হচ্ছে? ব্যারাকপুরের মঞ্চ থেকে প্রশ্ন অমিত শাহর
বক্তব্যের শুরুতেই তিনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান।
Truth Of Bengal: ব্যারাকপুরে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরব হন। ঘটনাটি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এই মর্মান্তিক পরিস্থিতির দায় শুধু দুর্নীতিতে দুষ্ট তৃণমূলেরই। তিনি প্রশ্ন তুলেছেন, এত মৃত্যুর পরও কেন মোমো প্রস্তুতকারক সংস্থার মালিককে গ্রফতার করা হয়নি। তিনি মৃতদের পরিবারকে আশ্বাস দেন, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবে।
শুক্রবার রাতে কলকাতায় এসে শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন করেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান। মোমো সংস্থার মালিককে কেন রক্ষা করা হচ্ছে—এমনই অভিযোগ তিনি তুলেন। শাহ এখানে থেমে থাকেননি, পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, সত্য উদঘাটনের জন্য এই ধরনের তদন্ত অপরিহার্য। এদিকে আনন্দপুরের নাজিরাবাদে দুর্ঘটনার পর প্রতিদিনের মতো রবিবার রাতেও কারখানা ও গুদামের বাইরে কর্মীদের আনাগোনা ছিল। কিন্তু এখন সেই চিরপরিচিত দৃশ্য বদলে এক বিশাল ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধে পরিণত হয়েছে। নিখোঁজ প্রিয়জনদের খোঁজে পরিবারগুলো এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সময় বাড়ার সঙ্গে উদ্বেগও বাড়ছে। উদ্ধার হওয়া ২৫টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে শীঘ্রই ডিএনএ ম্যাপিং শুরু হবে বলে জানানো হয়েছে। প্রশাসন বলছে, নিহতদের সঠিক পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজ শেষ হলে দেহ পরিবারদের হাতে তুলে দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের বিষয়ে ‘ওয়াও মোমো’ পক্ষ থেকে প্রায় ৬০ ঘণ্টা পর বুধবার একটি বিবৃতি আসে। সেখানে সংস্থা সোশাল মিডিয়ায় পাশের গুদামকেই দায় চাপানোর চেষ্টা করেছে। নিহত তিন কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে সংস্থা।






