রাজ্যের খবর

জুনে বঙ্গে আসছেন অমিত শাহ, নজরে সীমান্ত নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লিতে এই সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।

Truth of Bengal: আগামী জুনের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, তাঁর এই সফরের মূল গুরুত্ব থাকবে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিকে ঘিরে। বাংলাদেশ লাগোয়া কয়েকটি সীমান্ত অঞ্চল সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লিতে এই সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, গবাদি পশু ও মাদক পাচার, জাল নোটের কারবার এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর— এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গেও অমিত শাহের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশকর্তাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে প্রশাসনিক মহলে খবর।

রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের এই সফর কেবল প্রশাসনিক নয়, এর রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট। বিধানসভা নির্বাচনের পর সীমান্ত নিরাপত্তা ইস্যুকে আরও গুরুত্ব দিয়ে সামনে আনতে চাইছে বিজেপি নেতৃত্ব। অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের পূর্বতন সরকারকে আক্রমণ করে এসেছে গেরুয়া শিবির। সেই প্রেক্ষাপটে শাহের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলা সফরের আগে দেশের আরও কয়েকটি সীমান্তবর্তী রাজ্যেও সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার রাজস্থানের বিকানের সফরের পর সোমবার বিএসএফের সাঞ্চ সীমান্ত চৌকি পরিদর্শন করেন তিনি এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠকও করেন। আগামী ২৯ মে গুজরাতের ভুজ সফরের কথা রয়েছে তাঁর। সেখানে হারামি নালা এলাকা পরিদর্শন করবেন শাহ।

এরপর ৫ জুন ত্রিপুরা সীমান্ত সফরের কর্মসূচিও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রীয় সূত্রের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় মজবুত করাই এই ধারাবাহিক সফরের মূল লক্ষ্য।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সফরসূচির মধ্যে পশ্চিমবঙ্গ সফর নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে দিল্লি ও রাজ্যের রাজনৈতিক মহলে। সীমান্ত নিরাপত্তা থেকে অনুপ্রবেশ ইস্যু— সব মিলিয়ে অমিত শাহের আসন্ন বঙ্গ সফর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

Related Articles