খেলা

অজি দলে নেই স্মিথও, বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স

উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পান প্যাট কামিন্স।

Truth Of Bengal: আশঙ্কাই সত্যি হল। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। বিশ্বকাপের আগে তাঁকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল স্টাফ। কিন্তু শেষ পর্যন্ত আর সময়ের মধ্যে সেরে উঠতে পারলেন না অজি তারকা পেসার। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।শনিবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই ঘোষণাতেই নিশ্চিত করা হয়, কামিন্সের জায়গায় বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। তবে দলে জায়গা পাননি স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটার। আসন্ন টি-২০ বিশ্বকাপে মিচেল মার্শের নেতৃত্বেই নামবে অস্ট্রেলিয়া।এই বিষয়ে নির্বাচক টনি ডোডেমেইড এক বিবৃতিতে জানান,‘পিঠের চোট থেকে প্যাটের পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। সেই কারণেই আমরা বেনকে দলে নিয়েছি। বাঁহাতি পেসার হিসেবে ও দলের শক্তি বাড়াবে। পাশাপাশি ও অসাধারণ ফিল্ডার এবং লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতেও পারে। উপমহাদেশের উইকেটে ওর সুইং বোলিং এবং গতির পরিবর্তন কার্যকর হবে বলেই আমাদের বিশ্বাস।’

উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পান প্যাট কামিন্স। সেই চোটের কারণে অ্যাশেজের পাঁচ টেস্টের মধ্যে চারটিতে খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু’-তিনটি ম্যাচে কামিন্স খেলতে পারবেন— এমন জল্পনা থাকলেও শেষ পর্যন্ত জানা যায়, তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাচ্ছেন।কামিন্স ছাড়াও জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের চোট নিয়েও চিন্তায় ছিল অস্ট্রেলিয়া শিবির। যদিও এই দুই ক্রিকেটারকে নিয়ে চোট-সংশয় কাটিয়ে উঠেছে বোর্ড। দু’জনেই বিশ্বকাপের দলে ফিরেছেন।এ ছাড়াও অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও একটি পরিবর্তন করা হয়েছে। অফ ফর্মে থাকা ম্যাথিউ শর্টকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন রেনশ।এই নিয়ে নির্বাচক ডোডেমেইড জানান,‘শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে স্পিন সহায়ক উইকেট থাকার সম্ভাবনা প্রবল। টপ অর্ডার প্রায় নিশ্চিত। তাই মিডল অর্ডারে ভরসা জোগানোর জন্য রেনশকে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের শুরুতে টিম ডেভিড চোট সারিয়ে ফিরবেন। তার আগে বাঁহাতি ব্যাটার হিসেবে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রেনশ।’

অস্ট্রেলিয়া দল: 
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

Related Articles