বাংলার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শিলমোহর অমিত শাহের
বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন
Truth of Bengal: রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে পশ্চিমবঙ্গ বিজেপির পরিষদীয় দলনেতা তথা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক হাই-প্রোফাইল বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন। এই ঘোষণার সাথে সাথেই বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অভিষেক নিশ্চিত হলো। নিজের নাম শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভেন্দু, অশ্রুসজল চোখে তিনি অমিত শাহর হাত ধরে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পাশাপাশি নন্দীগ্রাম ও ভবানীপুর— এই দুই কেন্দ্র থেকেই বিপুল ব্যবধানে জয়ী হওয়া শুভেন্দুর এই পদ প্রাপ্তির পথ প্রশস্ত করেছে। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে গত কয়েক বছরে সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন, তারই সুফল পেলেন এই লড়াকু নেতা। দলের বঙ্গবিজয়ে তাঁর অনবদ্য ভূমিকার কথা মাথায় রেখেই নরেন্দ্র মোদি ও অমিত শাহরা আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের শাসনের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিলেন।
বিজেপির এই জয়ের ফলে রাজ্যে শুধু নতুন মুখ্যমন্ত্রী নন, প্রথমবার দু’জন উপমুখ্যমন্ত্রীও পেতে চলেছে বাংলা। যদিও উপমুখ্যমন্ত্রী হিসেবে কাদের নাম চূড়ান্ত হয়েছে, তা এখনও গোপন রাখা হয়েছে। ইতিমধ্যেই ২০৭টি আসনে জয়ী হয়ে অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দাবি পোক্ত করেছে বিজেপি। শুক্রবার বিকেলেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জয়ী প্রার্থীরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আর্জি জানাবেন।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সতীর্থ হিসেবে পরিচিত এই নেতাই এখন রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলাবেন। রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব তিলোত্তমায়। বাংলার সাধারণ মানুষের নজর এখন ব্রিগেডের সেই ঐতিহাসিক মঞ্চের দিকে, যেখানে নতুন সরকার গঠনের মাধ্যমে শুরু হতে চলেছে এক অন্য রাজনৈতিক পর্যায়।





